চুয়াডাঙ্গা সরকারী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী আবু সাইফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে পিএইচডি (ডক্টরেট) ডিগ্রী লাভ করেছেন। তার গবেষণাকর্মের তত্ত্বাবধায়ক ছিলেন প্রফেসর ড. খোরশেদ আলম। শেষ পর্যায়ে তিনি অসুস্থ ছিলেন। ভেবেছিলেন আর হয় তো বাঁচবেন না। তিনি তার স্ত্রীকে বলেছিলেন, ‘আমি মারা গেলে পিএইচডি (ডক্টরেট) ডিগ্রী সার্টিফিকেটটি টাঙ্গিয়ে রেখো।’ আল্লাহর রহমতে তিনি সুস্থ হন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে নিজেই সার্টিফিকেটটি নিয়ে আসেন।তিনি জানান,‘গত ৪ নভেম্বর, ২০২৩ এ আমার মৌখিক পরীক্ষার আগের দুই মাস আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি। মনে হয়েছিল, আর হয়তো বাঁচব না। হাসপাতালে আমার স্ত্রী এবং দুই পুত্র সন্তানের হাত ধরে বলেছিলাম, আমি যদি মারা যাই, তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারের কাছ থেকে আমার সার্টিফিকেটটা নেয়ার চেষ্টা করো।স্যার যদি আমার সনদপত্র প্রদান করেন, তাহলে লেমেনেটিং করে, আমার কবরের মাথার কাছে টাঙিয়ে দিও। আমার অনন্তকালের সাধনা।’তিনি বলেন,‘আজ যখন সনদপত্রটি হাতে পেলাম তখন আমি আনন্দে কেঁদেছিলাম। আজ যদি আমার আব্বা মুন্সি আব্দুস ছাত্তার এবং আমার মা বেঁচে থাকতেন, তাহলে তাঁরাও আমার মতোই খুশি হতেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধীনে প্রফেসর ড. মোঃ খোরশেদ আলমের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় অধ্যাপক মুন্সী আবু সাইফ উপস্থাপিত পিএইচডি অভিসন্দর্ভের উপর মৌখিক পরীক্ষা হয়।বহিঃপরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. মিজানুর রহমান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. মোঃ আনোয়ার সাঈদ।তিনি বলেন, ‘চুয়াডাঙ্গা সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশীদ স্যার এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ আঃ আজিজ স্যারসহ সুপ্রিয় সহকর্মীবৃন্দ আমাকে নানাভাবে উৎসাহিত করেছেন-সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ।’মুন্সী আবু সাইফ চুয়াডাঙ্গর জীবননগরের কৃতী সন্তান। তিনি জীবননগর হাইস্কুল ও জীবননগর ডিগ্রি কলেজে পড়াশুনা করেন এবং পরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়াশোনা করেছেন। তিনি চমৎকার বক্তব্য রাখেন। সুবক্তা হিসেবে তার সুনাম রয়েছে।

