দেশের শিক্ষাব্যবস্থা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নতুন করে শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, বিগত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব প্রতিষ্ঠানকে পুনর্গঠন এবং শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনতে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।সোমবার সকালে বঙ্গভবনে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন।এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম, গবেষণা, সামগ্রিক অগ্রগতি এবং আন্তর্জাতিক র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান সম্পর্কে রাষ্ট্রপতিকে বিস্তারিত অবহিত করেন।সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয় তুলে ধরে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করা হয়। জবাবে তিনি সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এদিকে, বিশ্ববিদ্যালয়ের আসন্ন প্রস্তাবিত সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি ওই আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি প্রকাশ করেন।
সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব ছাড়াও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

