দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে কর্মরত শ্রমিকদের জন্য উন্নত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে ছয়টি ১০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে দেশের ছয়টি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে এসব হাসপাতাল স্থাপন করা হবে।
আজ ১৩তম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের এ পরিকল্পনার কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে একটি করে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে। এসব হাসপাতাল বিশেষভাবে শ্রমিকদের চিকিৎসাসেবা প্রদানের জন্য পরিচালিত হবে। হাসপাতালগুলো ‘শ্রমিক হাসপাতাল’ নামে পরিচিত হবে এবং সেখানে শ্রমিক ভাই-বোনেরাই চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করছে। শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের জনকল্যাণমূলক পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ।
দেশের স্বাস্থ্য খাতের অতীত পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী স্বৈরাচারী শাসনামলে দেশের স্বাস্থ্যব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে গ্রামীণ স্বাস্থ্যসেবার অবকাঠামো দুর্বল হয়ে পড়েছিল। এর ফলে সাধারণ মানুষকে প্রয়োজনীয় চিকিৎসা পেতে নানা সংকটের মুখোমুখি হতে হয়েছে এবং অনেক ক্ষেত্রে চিকিৎসার জন্য বিদেশমুখী হতে হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ ব্যবস্থাপনা নিয়েও সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অতীতে দেশের জ্বালানি খাতকে বিদেশি উৎসের ওপর নির্ভরশীল করে তোলা হয়েছিল। দেশের নিজস্ব খনিজ সম্পদ যথাযথভাবে জনগণের কল্যাণে কাজে লাগানো হয়নি। এর ফলে বিভিন্ন ক্ষেত্রে আমদানিনির্ভরতা বেড়েছে।
প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, অতীতে এমন কিছু নীতি গ্রহণ করা হয়েছিল, যা দেশের শিল্পায়ন ও শিল্পের স্বাভাবিক বিকাশের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।
তিনি আরও উল্লেখ করেন, জাতীয় সংসদের আগের একটি অধিবেশনেও বিরোধীদলীয় নেতা দেশের স্বাস্থ্যব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সভাপতিত্বে আজ বিকেল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য পৃথক হাসপাতাল নির্মাণের এ উদ্যোগ বাস্তবায়িত হলে কর্মজীবী মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজ হবে বলে আশা করা হচ্ছে।

