বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত
ভূমিহীন ও গৃহহীন মানুষের স্থায়ী ঠিকানা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাব (WIPC) ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল।
সভাপতির স্বাগত বক্তব্যে আওরঙ্গজেব কামাল বলেন, “আমরা সবসময় অসহায়, দরিদ্র, ভূমিহীন ও ঠিকানাহীন মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। এ মহৎ উদ্যোগ বাস্তবায়নে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি। কারণ সবার আগে বাংলাদেশ গড়তে হলে সমাজের ঠিকানাহীন মানুষের জন্য নিরাপদ ও স্থায়ী ঠিকানা নিশ্চিত করতে হবে। মানুষের মৌলিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় আমাদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের উপদেষ্টা মো. শামীম মজুমদার। বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার সমাজের অবহেলিত মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে। এ ধরনের মানবিক উদ্যোগকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা করা উচিত।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টি বোর্ডের বাংলাদেশ চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন। তিনি বলেন, সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের ভাগ্যোন্নয়নের মধ্য দিয়েই রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন সাধিত হয়। তাই সমাজের নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
সম্মেলনের উদ্বোধন করেন লায়ন্স ক্লাব ক্যাপিটাল গার্ডেনের চেয়ারম্যান লায়ন খান আখতারুজ্জামান। তিনি বলেন, বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ উদ্যোগ বাস্তবায়নে সমাজের প্রতিটি বিত্তবান মানুষের সহযোগিতা করা নৈতিক দায়িত্ব ও কর্তব্য। তিনি আশা প্রকাশ করেন, মানবিক এ কার্যক্রমে সরকারও প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আজার আলী। তিনি বলেন, আমরা যে মানবিক অভিযান শুরু করেছি, তা দ্রুত বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শপথ নিয়েই আমরা মাঠে নেমেছি। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাবের সহ-সভাপতি এ. মান্নান, হিউম্যান রাইট রিভিউ সোসাইটির কেন্দ্রীয় পরিচালক লায়ন সাংবাদিক সাইমন, আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টি বোর্ডের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. নুরুল আলম, বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের যুগ্ম সম্পাদক ও নিরাপদ ঢাকা নিউজের সম্পাদক মো. আতাউর রহমান।
এ ছাড়া বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক মো. ইউনুস আলী, দপ্তর সম্পাদক মো. জুয়েল খান, কোহিনুর বেগম, শারমিন আক্তার, অভিনেতা মো. ফেরদৌস আলী, মো. সানাউল্লাহ, মাহমুদা খানম প্রমুখ।
সম্মেলনের শেষপর্বে সংগঠনের উদ্যোগে পরিবেশিত ‘ভূমিহীন’ শীর্ষক নাটক ‘ছায়াতলে’ মঞ্চস্থ হয়। নাটকটির অভিনয়ের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন মানুষের বর্তমান জীবনসংগ্রাম, সামাজিক বাস্তবতা, আবাসনসংকট এবং তাদের অসহায় পরিস্থিতি তুলে ধরা হয়।
সম্মেলনে বক্তারা ভূমিহীন ও গৃহহীন মানুষের আবাসন, সামাজিক মর্যাদা এবং নিরাপদ জীবন নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মানবিক এ কার্যক্রমকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

