নওগাঁ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা এবং স্বৈরাচারের যেকোনো প্রেতাত্মা বা পুনরুত্থানের প্রচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।
তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ করে একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।
‘বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশ ফর অল’—এই জাতীয় অঙ্গীকারের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশ যখন ঐক্য ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, তখন সাবেক স্বৈরাচারী শাসনামলের সঙ্গে সংশ্লিষ্ট কিছু মহল অস্থিতিশীলতা সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
তিনি এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। একই সঙ্গে শান্তি, স্থিতিশীলতা ও জনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন এবং সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সাবেক স্বৈরাচারী নেতৃত্বের প্রসঙ্গ টেনে আমিনুল হক বলেন, যারা সাবেক স্বৈরাচারী নেত্রীর প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। দেশ ছেড়ে যাওয়া সেই নেত্রীকে বাংলাদেশের মানুষ আর স্বাগত জানাবে না। জনগণ তাঁর রাজনৈতিক ক্ষমতায় ফিরে আসা কখনোই মেনে নেবে না।
তিনি আরও বলেন, ব্যক্তিগত কিংবা রাজনৈতিক স্বার্থে কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড, বিশৃঙ্খলা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বর্তমান সরকার বরদাশত করবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এবং নওগাঁ-২ আসনের সংসদ সদস্য এনামুল হক। এ ছাড়া স্থানীয় ক্রীড়া সংগঠক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার ঘটবে, নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে এবং জেলার বিভিন্ন উপজেলার মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ক্রীড়াসুলভ মনোভাব আরও সুদৃঢ় হবে।

