তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এর সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় সম্মেলনস্থলে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল ৪টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেন। এ সময় তিনি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন এবং পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত হন।
এদিকে সন্ধ্যায় বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।
দিনের শুরুতে আনতালিয়া এক্সিবিশন সেন্টারে আয়োজিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলনের বিশ্বনেতাদের শীর্ষ বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে সম্মেলনস্থলে পৌঁছালে আয়োজক প্রতিনিধিরা তাকে স্বাগত জানান।
উদ্বোধনী অধিবেশন শুরুর আগে লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি। এ সময় জলবায়ু সংকট, আন্তর্জাতিক সহযোগিতা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশ্বনেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হয়।
বিশ্লেষকদের মতে, কপ৩১-এর মতো আন্তর্জাতিক সম্মেলনের পাশাপাশি চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে এ ধরনের দ্বিপক্ষীয় আলোচনা বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং জলবায়ু কূটনীতিতে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

