সাতক্ষীরা জেলার তালায় বেজির কামড়ে অসুস্থ হয়ে সিমরিয়া পারভীন (১৩)নামে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার পাটকেলঘাটা থানার বাইগুনি গ্রামের ফারুক সরদারের মেয়ে ও পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী । ঘটনাটি তালা উপজেলার পাটকেলঘাটা থানার বাইগুনি গ্রামে এ ঘটেছে। মৃতের স্বজনরা জানান, প্রায় ৩ মাস আগে বাড়ির পাশে খেলা করার সময় সিমরিয়া পারভিনকে একটি বেজিতে কামড় দেয়। বিষয়টি বাড়িতে জানালেও তখন কোন গুরুত্ব দেয়নি তার পরিবার। প্রায় ৩ মাসপর শুক্রবার সন্ধ্যায় সিমরিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় ক্লিনিকে নেয়া হয়। পরে সেখানেই মারা যায় সে। শনিবার রাত ১২টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এ বিষয়ে আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলুর রহমান মল্লিক বলেন, সিমরিয়া পারভিন তাদের বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিল। তার এই আকাল মৃত্যুতে বিদ্যালয়ে রোববার একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মানস কুমার বলেন, মেয়েটিকে অসুস্থ অবস্থায় একটি প্রাইভেট ক্লিনিকে তার চেম্বারে আনা হয়েছিল। কিন্তু তার অবস্থা এতটাই খারাপ ছিল যে তিনি তাকে কোন চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ পাননি ,তার আগেই মৃত্যুর হয় মেয়েটির।

