ঘেরের মাছ লুটে নিতে বাধা দেয়ায় দূর্বৃত্তদের সশস্ত্র হামলায় ঘের মালিকের ছেলে রাসেল মাহমুদ গুরুতর জখম হয়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে দশটার সময় কুমিরমারা গ্রামের মাটির কেল্লা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে গুরুতর জখম রাসেল মাহমুদকে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করেন। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে মাহবুব গাজীসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৭/৮ জনকে এ ঘটনার জন্য দায়ী করা হয়েছে।
বাদী আবুল কালাম হাওলাদার জানান, তিনি ২০০৫-২০০৬ সালে জমি ক্রয় করে সেখানে মাছের চাষ করে আসছেন। বিবাদীরা বেড় জাল দিয়ে রাতের আধারে মাছ ধরছিল। সেখানে তার ছেলে রাসেল মাহমুদ দেখতে পেয়ে মাছ ধরতে বাধা দিলে তার ওপর অতর্কিত হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে-পিটিয়ে রক্তাক্ত জখম করে। কলাপাড়া থানার ওসি মো. আলী আহম্মেদ জানান, তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কলাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে শিশুকন্যা কুলসুম (৪) ও শিশুকন্যা মরিয়ম (১৪ মাস) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ মে) দুপুরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া ও চাকামইয়া ইউনিয়নের উত্তর চাকামইয়া গ্রামে এ ঘটনা ঘটে। কুলসুম ইটবাড়িয়া গ্রামের মো.হাসান পাহলানের কন্যা ও মরিয়ম উত্তর চাকামইয়া গ্রামের মো: ছগির হাওলাদারের কন্যা।পারিবারিক সূত্রে জানা গেছে, কুলসুম নিজেদের পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। তাকে অনেক খোঁজাখুঁজির পর ভাসমান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। অপরদিকে মরিয়ম পার্শ্ববর্তী পুকুরে পড়ে মৃত্যু হয়। এদের মৃত্যুতে এলাকায় শোকের মাতম নেমে আসে।
###

