ঢাকারবিবার , ২৫ অক্টোবর ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির

dainikkhobor
অক্টোবর ২৫, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

দেশের টেক্সটাইল ও তৈরি পোশাকশিল্পের ক্রমবর্ধমান চাহিদা পূরণে আন্তর্জাতিক মানের দক্ষ প্রকৌশলী তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশীয় প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
আজ বঙ্গভবনে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বুটেক্সের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে টেক্সটাইল খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ খাতের উন্নয়নে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের সুযোগ বাড়াতে হবে। পাশাপাশি দেশে ও বিদেশে তাঁদের কর্মসংস্থানের সম্ভাবনা সম্প্রসারণের ওপর গুরুত্ব দিতে হবে। এর মাধ্যমে দক্ষ জনশক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগও বাড়বে।
টেক্সটাইলশিল্পের কাঁচামালের জোগান নিশ্চিত করার প্রসঙ্গে তিনি দেশে তুলা উৎপাদন বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ লক্ষ্যে কৃষকদের উৎসাহিত করা, উৎপাদন ব্যয় কমানো এবং কৃষি ও টেক্সটাইল খাতের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
এ ছাড়া পাট, আনারসের পাতা ও কলাগাছের মতো প্রাকৃতিক উৎস থেকে তন্তু উৎপাদনের সম্ভাবনা কাজে লাগানোর পরামর্শ দেন রাষ্ট্রপতি। একই সঙ্গে সিনথেটিক সুতা উৎপাদনসহ সংশ্লিষ্ট প্রযুক্তির উন্নয়নে গবেষণা কার্যক্রম জোরদার করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল দেশের টেক্সটাইল ও তৈরি পোশাকশিল্পের বিকাশে বুটেক্সের অবদান এবং বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, আধুনিক গবেষণাগার স্থাপন, প্রয়োজনীয় জনবল বৃদ্ধি, পৃথক বিসিএস (টেক্সটাইল) ক্যাডার চালু, বাজেট সম্প্রসারণ এবং ঢাকার পূর্বাচলে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য জমি বরাদ্দের বিষয়গুলো তুলে ধরা হয়।
প্রতিনিধিদলের বক্তব্য শোনার পর রাষ্ট্রপতি সংশ্লিষ্ট বিষয়গুলো সমাধানে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এদিকে, আগামী বছরের মার্চ মাসে বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে সভাপতিত্ব করার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বুটেক্সের ফ্যাকাল্টি অব টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. আহসান হাবীব, ফ্যাকাল্টি অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক শিল্পী আক্তার, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. হাসিনা আখতার, ফ্যাকাল্টি অব টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা এবং ফ্যাকাল্টি অব ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. লামইয়া জাহির।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবও উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।