স্বাধীন মত প্রকাশ ও সাংবাদিকতা কতটুকু যুক্তিযুক্ত এ প্রশ্ন এখন সর্ব সাধারনের । প্রতিনিয়ত সাংবাদিক পেশা হেয় প্রতিপন্ন করা হচ্ছে। অথচ এই পেশায় ঢুকতে মানুষ এখন প্রতিযোগীতায় নেমেছে। এখন বাংলাদেশে গণমাধ্যম, এর স্বাধীনতা ও সাংবাদিকতা নিয়ে সাম্প্রতিক সময়ে নানা মহলে আলোচনা হচ্ছে এখন মুখরোচক । সেই সাথে সাংবাদিকতার মান নিয়ে প্রশ্ন উঠেছে। সাধার মানুষ এখন আর সাংবাদিকদের সাংবাদিক না বলে সাংঘাতিক বলছে। অনেক ক্ষেত্রে এসব আলোচনায় অতিসাধারণীকরণ এবং খুব সহজেই বড় ধরনের উপসংহার টানার প্রবণতাও দেখা যায়। সেই সাথে গণমাধ্যমের কণ্ঠরোধের পাশাপাশি সাংবাদিকদের স্বাধীনতা হরণ ও মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত করে তোলার জন্য বিভিন্ন আইন কার্যকর । এখন পূর্বের আইনের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের পাশাপশি ডিজিটাল নিরাপত্তা আইন, ডাটা সুরক্ষা আইন, গণমাধ্যমকর্মী আইন ও ওটিটি নীতিমালার মতো নানা আইন ও নীতিমালা সংযুক্ত হয়েছে । এসব আইন ও নীতিমালা নামে ভিন্ন হলেও এগুলোর যে পরিধি, তাতে মত প্রকাশের স্বাধীনতায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এসব আইনের মাধ্যমে একটি ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে। তা বাদে সাংবাদিকদের স্বাধীনতা হরণ করার পাশাপাশি এসব আইন খোদ সংবাদকর্মীদের বিরুদ্ধেই প্রয়োগ করার সুযোগ তৈরি হচ্ছে। এভাবে গণমাধ্যমের হাত-পা বেঁধে বাংলাদেশে গণতন্ত্রের বিকাশ হবে না। গণতন্ত্রকে ব্যাহত করার এই প্রক্রিয়াটি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। যদিও বর্তমান সরকার সবসময় বলছে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। কিন্ত আন্তজাতিক ভাবে ও কর্মরত সাংবাদিকরা বলছে ভিন্ন কথা। এখন আমার প্রশ্ন জার্নালিজম আন্ডার ডিজিটাল সিজ বা ডিজিটাল নজরদারিতে সাংবাদিকতা কতটুকু স্বাধীন ? ডিজিটাল নজরদারি বা আক্রমনের মুখে শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বজুড়ে সাংবাদিকতা যে হুমকি মোকাবিলা করছে সেটা সাংবাদিকরা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এক কথায় স্বাধীনতা চর্চার দিক থেকে সাংবাদিকতা এখন সারা বিশ্বে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। এখন সাংবাদিকতার স্বাধীনতা খর্ব করার উদ্দেশ্যে দেশে দেশে অত্যন্ত কঠোর আইন–বিধান প্রণয়ন করা হচ্ছে। এটা একটা বৈশ্বিক প্রবণতা। আরও এক দিক থেকে সাংবাদিকতা চ্যালেঞ্জের মুখে পড়েছে। সেটা ঘটেছে ডিজিটাল প্রযুক্তির ব্যাপক প্রসারের ফলে। সামাজিক যোগাযোগমাধ্যম আসার ফলে একজন পাঠকের সামনে সংবাদের অনেক পথ উন্মোচিত হয়েছে। সে এখন আর খবরের কাগজ, টেলিভিশন ও রেডিওর ওপর নির্ভরশীল নয়। যেকোনো খবর সে সামাজিক যোগাযোগমাধ্যমে তৎক্ষণাৎ জেনে ফেলছে। শুধু জেনে ফেলছে না, সে তাৎক্ষণিকভাবে নিজের অভিমত দেওয়ারও সুযোগ পাচ্ছে। এবং তার মতামত একসঙ্গে বিপুলসংখ্যক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। অনেক ক্ষেত্রে সাংবাদিক কে হেও বা বিরুপ মন্তব্য মুখোমুখি হতে হচ্ছে। তার উপর পুলিশ, প্রশাসন ও রাজনৈতিক নেতাদের নানামুখী চাপে রয়েছেন সাংবাদিকেরা এখন এক প্রকার মত প্রকাশের হিসাব নিকাশের মধ্যে রয়েছে৷ যে কারনে প্রতিনিয়ত হামলা নির্যাতনের সঙ্গে বড় চাপ ‘সাজানো মামলায় ফেসে যাচ্ছেন সাংবাদিকরা৷ সাংবাদিকদের বিরুদ্ধে সংবাদ সংশ্লিষ্ট নয় এমন নানা অপরাধমূলক মামলাও দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে৷ এমনকি সন্ত্রাসী তৎপরতা, নাশকতা ও বিস্ফোরক আইনের মামলাও দেয়া হচ্ছে, করা হচ্ছে গ্রেপ্তার৷ সেই সঙ্গে জিডিটাল আইনের তো আছেই৷ এসব নিয়ে সাংবাদিকেরাও তেমন প্রতিবাদ করছেন না৷ ভুক্তভোগী সাংবাদিকেরা বলছেন, কৌশল হিসেবেই তাদেরকে নানা ভাগে বিভক্ত করে দেয়া হচ্ছে, যাতে গ্রেপ্তার বা নির্যাতনের শিকার হলে প্রতিবাদ না হয়৷ আবার কেউ প্রতিবাদ করলে তাদের হুমকি দেয়া হয়। যে কারনে সাংবাদিকতা এখন নানা কারণে তার আদর্শের জায়গা থেকে বিচ্যুত হচ্ছে৷ কোনো কোনো সাংবাদিক পুলিশ প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক রেখে নানা অনৈতিক সুবিধা নিচ্ছেন৷ তারা সাংবাদিকতার পরিবেশ নষ্ট করছেন৷ আবার সাংবাদিকদের মালিক পক্ষ বিজ্ঞাপনের জন্য কাজ করাচ্ছে৷ স্থানীয় পর্যায়ে পুলিশ প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক না থাকলে তো বিজ্ঞাপন দেয় না৷ সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে। সাংবাদিক নেতারাও এখন সুবিধাবাদী। যার কারনে পুলিশ ও প্রশাসন সাংবাদিকদের দেকে অন্যদৃষ্টি তে দেখছে৷ এখন অনেকে অনিয়ম, দুর্নীতির খবর প্রকাশ করেনই না, উপরন্তু কেউ ওই ধরনের খবর প্রকাশ করে হামলা মামলার শিকার হলে তারা প্রতিবাদও করেন না৷ কেউ প্রতিবাদ করলে তাকেও একই পরিণতির শিকার হতে হয়৷ এক কথায় চাটুকারীতা ও ভয়। এনখ বাংলাদেশের গণমাধ্যমগুলোর, তথা সাংবাদিকতার, স্বাধীনতার প্রশ্ন নিয়ে বিতর্কে শেষ নেই। আমি মনে করি ক্ষমতাসীন ও বিরোধী দল, সাংবাদিক ও সিভিল সোসাইটির সদস্য, সাধারণ পাঠক, এমনকি রাজনৈতিক দলের সর্বনিম্ন পর্যায়ের কর্মী পর্যন্ত এই বিষয়ে একমত যে গণমাধ্যমের এবং নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা থাকা অবশ্যই দরকার। বাংলাদেশের সংবিধানে এই বিষয়ে যে স্বাধীনতা দেওয়া হয়েছে, তা শর্তসাপেক্ষ এবং তা নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্রের হাতে বেশুমার ক্ষমতা দেওয়া হয়েছে। মতপ্রকাশের স্বাধীনতাবিষয়ক আলোচনায় একটি বিষয় প্রায়শই উঠে আসে। এটা হলো মতপ্রকাশের স্বাধীনতার সীমা থাকার প্রশ্ন। বাংলাদেশে গত ৫০ বছরে যাঁরা যখনই ক্ষমতায় এসেছেন, তাঁরা দাবি করেন যে দেশে মতপ্রকাশের অবাধ স্বাধীনতা আছে, এমনকি তা আগের চেয়ে অনেক বেশি; তবে বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে তাঁরা এ-ও বলেন যে, মতপ্রকাশের স্বাধীনতা অবাধ হতে পারে না। এই দুইয়ের মধ্যে একটি বিরোধ আছে। এটা হয় তাঁরা উপলব্ধি করতে অপারগ অথবা সেটা স্বীকার করতে অনীহ। লক্ষণীয়, মতপ্রকাশের স্বাধীনতার সীমার বিষয়ে কেবল ক্ষমতাসীন এবং তাঁদের সমর্থকদেরই নয়; বাংলাদেশে, অন্য অনেক দেশেও এখন সংকুচিত। মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা ও দাবি ছিল গণতন্ত্র। সংবিধানেও মত প্রকাশের স্বাধীনতাকে সুসংহত করা হয়েছে। যদিও দেশে মত প্রকাশ ও সাংবাদিকতার পথ রুদ্ধ করতে নানা আইন-আদালত সৃষ্টি করা হচ্ছে। সুরক্ষার কথা বলা হলেও উল্টো এসব আইনের যথেচ্ছ ব্যবহার হচ্ছে সাংবাদিকদের হয়রানি ও হেনস্তায়। বিশেষ করে গত চার বছরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রয়োগের মূল লক্ষ্যবস্তুই ছিল সাংবাদিকরা। গণমাধ্যম ও সমাজমাধ্যমকে কেন্দ্র করে প্রণয়ন হচ্ছে আরো কয়েকটি আইন। স্বাধীন মত প্রকাশ ও সাংবাদিকতার বিরুদ্ধে এত আইন কেন ?

