ফরিদপুরের সালথা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন আহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় ১১ জনকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মদনদিয়া গ্রামে চলে এ সংঘর্ষ।স্থানীয় সূত্রে জানা যায়, সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি পিকুল মোল্যা ও রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশারত হোসেনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। সম্প্রতি মদনদিয়া গ্রামের ওমর ফারুক ও বাসার মাস্টার পিকুল মোল্লার দল ত্যাগ করে ইশারত চেয়ারম্যানের দলে যোগ দেন। গত শুক্রবার পিকুল মোল্লার বাড়ির সামনে দিয়ে বাড়ি যাচ্ছিলেন ওমর ফারুক। ওই সময় তাকে মারধর করে পিকুল মোল্লা ও তার লোকজন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। রোববার সন্ধ্যায় ইশারত চেয়ারম্যানের বাবা হাজী আবুল কালাম, ভাই রাকিবুল ইসলাম কুব্বত মসজিদে মাগরিব সহ তারাবির নামাজে যাওয়ার সময় মিরাজ মোল্যার দোকানের সামনে পিকুল মোল্লার সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পিকুলের নেতৃত্বে ইশারত চেয়ারম্যানের বাবা ও চাচার ওপরে হামলা করা হয়। বিষয়টি ইশারত চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর করা হয়। সংঘর্ষে হাজী আবুল কালাম, আজিজাল, রাকিবুল ইসলাম কুব্বত, রব মাতুব্বর, মোশারফ হোসেন, জাহাঙ্গীর হোসেনসহ উভয়পক্ষের ১৫ জন আহত হন। আহতদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়া হয়। এছাড়া মো. পিকুল মোল্যা, ফজলু মোল্যা, মো. সাব্বির হোসেন মোল্যা, মো. জাহাঙ্গীর মোল্যা, ইছহাক মোল্যা, ইব্রাহিম মোল্যা, মঞ্জুর মোল্যা, সেলিম শিকদার, রাশেদ মোল্যা, লুৎফর শেখ, বিকু শেখকে আটক করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

