চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরীর প্রচারে শনিবার দুই দফায় হামলা, গুলি ও ভাঙচুর হয়েছে। এতে ৩ জন গুলিবিদ্ধ এবং হুইপের ভাই-বোনসহ অন্তত ২৮ জন আহত হয়েছেন। দুপুরে উপজেলার শান্তিরহাট এবং বিকালে কুসুমপুরা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় হুইপের গাড়িসহ ৬টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। হামলার জন্য নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীকে দায়ী করেছেন স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী। এছাড়া দেশের বিভিন্ন স্থানে নির্বাচনি সহিংসতায় আরও ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ঢাকার ডেমরায় ১৫, ফেনীর সোনাগাজীতে ৪, চুয়াডাঙ্গায় ২, শেরপুরে ২ এবং নোয়াখালীর বেগমগঞ্জ ও নওগাঁয় একজন করে আহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনি অফিস ও কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-চট্টগ্রাম ও পটিয়া : স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার বেলা ১২টায় হুইপের গাড়িবহর গণসংযোগে বের হয়। তারা শান্তিরহাট বাজার অতিক্রম করার সময় নৌকার স্লোগান দিয়ে ১৫-২০ জন গাড়িবহরে হামলা চালায়। হুইপকে বহনকারী গাড়িতেও হামলা চালায় তারা। মাইক্রোবাস ও কার থেকে নামিয়ে হুইপের সমর্থকদের মারধর করা হয়। ভাঙচুর করা হয় ৪টি গাড়ি। এ সময় হুইপের ভাই ফজলুল হক চৌধুরী মহব্বতের মাথা ফেটে যায়। তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একই ঘটনায় নাজমা আক্তার, বেলাল চৌধুরী, আরিফ, আবু তৈয়ব, রিমন, মিনহাজ উদ্দিন, মানিক ও ইউপি সদস্য সালাহউদ্দিন সরওয়ার আহত হয়েছেন।

