খুলনার সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে তাকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়।র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে এক ক্ষুদে বার্তায় জানানো হয়, ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদীকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ব্যবসায়ী আব্দুস সালাম মুর্শেদী এক সময় জাতীয় দলের ফুটবলার ছিলেন।গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বেকায়দায় পড়ে যান আওয়ামী লীগের এমপি, মন্ত্রী ও নেতাকর্মীরা। তখন চাপের মুখে পড়ে ৮ আগস্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করেন সালাম মুর্শেদী।তিনি বাফুফের সিনিয়র সহ-সভাপতি পদে ছিলেন ২০০৮ সাল থেকে। সভাপতির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ সিনিয়র সহ-সভাপতি ছাড়াও সালাম মুর্শেদী বাফুফের অর্থ কমিটি ও রেফারিজ কমিটির প্রধানও ছিলেন। এই দুটি পদ থেকেও তিনি পদত্যাগ করেন।এর আগে আব্দুস সালাম মুর্শেদীকে ১০ হাজার সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ টাকা) জরিমানা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। মূলত বাফুফের অর্থ কমিটির প্রধান হিসেবে ফিফা প্রদত্ত অর্থের অনিয়মের কারণেই এ জরিমানা করা হয় তাকে।

