বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর হবিগঞ্জে শহরের বোর্ড মসজিদের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা । এ সময় পূর্ব টাউন হল এলাকায় অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। একপর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের মিছিলে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন জেলা ছাত্রদল ও অন্য দলের নেতা-কর্মীরা। এরপর মিছিল নিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে টাউন হল এলাকায় শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। একপর্যায়ে সেখানে থাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেন আন্দোলনকারীরা। এ ছাড়া তারা স্থানীয় সংসদ সদস্য আবু জাহিরের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশ সেখানে এলে শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশ গুলি চালায়। একপর্যায়ে দুই দিক দিয়ে আন্দোলনকারীরা পুলিশের দিকে আসতে থাকেন। এসময় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষের মধ্যে পড়ে একজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে হবিগঞ্জ শহরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোস্তাক মিয়া (২৪)।
তিনি পেশায় শ্রমিক। মোস্তাকের সঙ্গে কাজ করেন মারুফ হোসেন। তিনি বলেন, মোস্তাক এখানে জুতা কিনতে এসেছিল। এসে সংঘর্ষের মধ্যে পড়ে যায়। গুলিতে তাঁর মৃত্যু হয়েছে।জানতে চাইলে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসক মঈন উদ্দীন চৌধুরী বলেন, মোস্তাকের হাতে বড় ধরনের আঘাত ছিল। সেটা গুলি কি না,
পরে জানানো যাবে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। এ লেখা পর্যন্ত তার লাশ মর্গে রয়েছে। এলাকাবাসী জানায়,বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষে হবিগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ সময় সংঘর্ষে এক পথচারী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তাঁর নাম মোস্তাক মিয়া (২৬)। নিহত মোস্তাক মিয়া সিলেট টুকেরবাজার এলাকার মারুফ মিয়ার ছেলে। তিনি হবিগঞ্জ পিডিবিতে অস্থায়ী কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া সংঘর্ষে প্রায় শতাধিক মানুষ আহত হয়েছেন। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ‘জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুনের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট রওনা দিয়েছিল, কিন্তু রাস্তায় সংঘর্ষ চলায় তারা ঘটনাস্থলে যথাসময়ে যেতে পারেনি।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা শহরের টাউন হলে আওয়ামী লীগের কর্মসূচি পালন করছিলাম। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে বিএনপি, জামায়াত, ছাত্রদল, শিবির অংশ নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করে। পরে তারা জেলা আওয়ামী লীগের সভাপতির বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ করে কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন বলেন, ‘আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে। এতে আমাদের কয়েকজন পুলিশ আহত হন। আমরা জনগণের জানমাল রক্ষার্থে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করি। শহরে এখন থমথমে অবস্থা বিরাজ করছে।

