জি-২০ সম্মেলনে অথিতি আপ্যায়নে ৩ হাজার পদের খাবার এ যেন অন্যরকম আপ্যায়ন। শনি এবং রোববার নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে বসবে জি২০ শীর্ষ সম্মেলনের আসর। যার জেরে চরম ব্যস্ত রাজধানী দিল্লি। জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসেছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ-সহ অন্য দেশের রাষ্ট্রনেতারাও।রাষ্ট্রনেতাদের সুরক্ষার কথা ভেবে তাই কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে রাজধানীকে। ঢেলে সাজানো হয়েছে প্রগতি ময়দান চত্বর। নিরাপত্তা থেকে আপ্যায়ন জি-২০ সম্মেলন আয়োজনে বিশ্বকূটনীতির ‘ষোলোকলা’য় পূর্ণ করল ভারতের মোদি সরকার। ঘরে ডেকে অতিথিকে শুধু নিজের হেঁসেলের কারিশমা দেখাচ্ছে তা নয়, তাদের দেশের ‘কিচেন বিদ্যা’তেও যে সমান পটু ভারত, সেই স্বাদও ঢেলে দিচ্ছে পশ্চিমা নেতাদের জিহ্বায়। এর মাঝে যে শুধুই রন্ধন বিদ্যার পাণ্ডিত্য দেখাল তা কিন্তু নয়, খাবারের এই আত্মতৃপ্তির ঢেঁকুরে প্রাচ্য-পাশ্চাত্যের মেলবন্ধনের সুগন্ধও সমানভাবে ছড়িয়ে দিল বিশ্বমোড়লদের নাকে। বিদেশিদের সবার রুচিই মাথায় রেখে সব মিলিয়ে সাড়ে ৩ হাজার পদের খাবার তৈরি করছে দিল্লি। আর হাজার হাজার এই অতিথির রসনা তৃপ্তির ভার দিল্লির বিলাসবহুল হোটেলের ৭০০-র বেশি শেফের ওপর। এর মধ্যে ভারতীয় পরম্পরায় (সব রাজ্যের) তৈরি খাবার যেমন থাকছে, তেমনই থাকছে পাশ্চাত্যের মেনুও। সবই হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যক্ষ নজরদারিতে। ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে।দক্ষিণ ভারতের ইডলি-দোসা-উত্তপম, নারিকেল তেল দিয়ে তৈরি বিভিন্ন পদ, কাশ্মীর আর লখনৌয়ের নবাবি কাবাব, পাঞ্জাবের সরষে দা শাগ-মক্কিদা রুটি, মালাই দেওয়া লস্যির সঙ্গে থাকছে বাংলার সরষে ভাপা পদ্মার ইলিশ আর ডাব চিংড়ি। সঙ্গে থাকছে মিলেট, রাগি, বাজরার রুটও। মিষ্টির আইটেম থাকছে কয়েকশ, যার মধ্যে জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গে সুস্বাদু রসগোল্লা, নারকেল নাড়ুও। মেনুতে থাকছে সবার পছন্দের রুশ স্যালাদও। জি-২০তে আগত বিদেশিদের রসনাতৃপ্তির জন্য তৈরি মেনুতে ভারতীয় রেসিপির সঙ্গে মেশানো হয়েছে পাশ্চাত্যের ভাবধারাকেও, এমনটাই জানালেন দিল্লির বিখ্যাত হোটেলের সেলিব্রিটি শেফ মুস্তাক। তার দাবি, আপনারা পাও ভাজি খেয়েছেন, দোসা খেয়েছেন। আমরা সেই পাও ভাজি, দোসার সঙ্গে বিদেশি রেসিপির সংমিশ্রণ ঘটিয়ে নতুন পদ তৈরি করেছি। আমরা নিশ্চিত, আমাদের প্রচেষ্টা বিদেশিদের মন জয় করবেই। নেই ডিম-মাছ-মাংস : এই বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছুই জানানো হয়নি। তবে সূত্রের খবর, প্রতিনিধিদের আনুষ্ঠানিক নৈশভোজে ডিম, মাছ বা মাংস থাকবে না। ভারতের বিভিন্ন ঐতিহ্যবাহী নিরামিষ খাদ্যপদ পরিবেশন করা হবে। খাদ্যপদের মধ্য দিয়ে ভারতের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতিকে তুলে ধরা হবে। আর নিরামিষ খাদ্যপদের প্রধান আকর্ষণ হতে চলেছে বাজরা থেকে তৈরি বিভিন্ন খাবার। ২০২৩ সালকে ভারত ‘ইয়ার অব মিলেটস’ বা ‘বাজরার বছর’ হিসাবে উদ্যাপন করছে। তার প্রতিফলন থাকবে জি-২০ শীর্ষ সম্মেলনের অতিথিদের খাদ্যতালিকায়ও। স্পেশাল স্ট্রিট ফুড : ভারতের স্ট্রিট ফুড সারা বিশ্বে জনপ্রিয়। সেই কথা মাথায় রেখে স্ট্রিট ফুডেরও বিশাল আয়োজন রাখা হচ্ছে জি-২০ অতিথিদের জন্য। ফুচকা, চটপটি চাট, দই বড়া, সিঙারার মতো বিভিন্ন ভারতীয় স্ট্রিট ফুডের স্বাদ নিতে পারবেন আগত প্রতিনিধিরা। ভারতীয় ‘ওয়েলকাম ড্রিঙ্কস’ : বিভিন্ন হোটেলে বিদেশি অতিথিদের আপ্যায়নের জন্য বিশেষ ওয়েলকাম ড্রিঙ্কসেও থাকবে ভারতীয়ত্বের ছোঁয়া। ভারতীয় কফি, চা, মিষ্টি, কেক, চকোলেট দিয়ে স্বাগত জানানো হবে তাদের। হোটেলগুলোর খাদ্যপদেও ঐতিহ্যবাহী ভারতীয় খাবার রাখা হচ্ছে। সেই সঙ্গে বিভিন্ন শৈলির খাদ্যপদ থাকবে। হোটেলগুলোর ব্রেকফাস্টেও বাজরার তৈরি খাবার থাকছে। সব মিলিয়ে শীর্ষ সম্মেলনের পাশাপাশি ভারতের অনন্য রন্ধন ও খাদ্য সংস্কৃতির সঙ্গে বিদেশি অতিথিদের পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্য নিয়েছে মোদি সরকার। জি২০ সম্মেলনে যোগ দেওয়া রাষ্ট্রনেতা এবং বিদেশি প্রতিনিধিদের থাকার জন্য যে বিলাসবহুল হোটেলগুলির ব্যবস্থা করা হয়েছে, সেগুলি চারদিকে কড়া নজর রেখেছেন ভারতীয় গোয়েন্দারা।রাষ্ট্রনেতা এবং বিদেশি প্রতিনিধিদের থাকার জন্য দিল্লি ও গুরুগ্রামের বিভিন্ন হোটেলে প্রায় সাড়ে তিন হাজার কামরা ভাড়া নেওয়া হয়েছে। তবে দিল্লির হোটেলগুলিতে মূলত থাকবেন রাষ্ট্রপ্রধানরা। জি২০ দেশগুলির পাশাপাশি অন্য বেশ কয়েকটি দেশের রাষ্ট্রনেতাদেরও অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে দিল্লিতে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, মিশর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন এবং সংযুক্ত আরব আমিরশাহি। সেই দেশগুলির রাষ্ট্রনেতাদেরও থাকার ব্যবস্থা করা হয়েছে বিলাসবহুল হোটেলগুলিতে।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার প্রসিডেন্ট বাইডেনের আপ্যায়নের ব্যবস্থা থাকছে আইটিসি মৌর্য শেরাটনে। ইডেন এবং তাঁর প্রতিনিধি দলের জন্য হোটেলের প্রায় ৪০০টি ঘর ভাড়া নেওয়া হয়েছে। বাইডেন থাকবেন ১৪ তলায়। ১৪ তলা থেকে নীচে আসার জন্য বিশেষ লিফ্টের ব্যবস্থা করা হয়েছে। যেখানে তিনি থাকবেন, সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হবে কেবল বিশেষ কয়েক জনকে। হোটেলের প্রতিটি তলায় বিশেষ কমান্ডোরা পাহারায় থাকবেন।দিল্লির তাজ প্যালেস ভাড়া নেওয়া হয়েছিল চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জন্য। তবে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র নিশ্চিত করেছেন যে, জিনপিং শীর্ষ সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন না। পরিবর্তে চিনের প্রতিনিধি হিসাবে সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী লি কিয়াং। তাই জিনপিংয়ের পরিবর্তে কিয়াং সেই বিলাসবহুল হোটেলে থাকবেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।ব্রাজিলের প্রতিনিধি দলেরও প্রসাদোপম তাজ প্যালেসে থাকার সম্ভাবনা রয়েছে। দিল্লির কনট প্লেসের শাংরি-লা হোটেলে থাকতে পারেন ব্রিটেনের প্রধানমন্ত্রী সুনক। জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ-সহ সে দেশের বাকি প্রতিনিধি দলেরও নাকি থাকার কথা ওই হোটেলেই। প্রতিনিধি দলের সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট মাকরঁর থাকার কথা বিলাসবহুল ক্লারিজেস হোটেলে।সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইম্পেরিয়াল হোটেলে থাকতে পারেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ। ওবেরয় হোটেলে থাকার সম্ভাবনা রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান-সহ সে দেশের অন্য প্রতিনিধিদের।জি২০ রাষ্ট্রগোষ্ঠীর শীর্ষ সম্মেলনে পুতিন যোগ দিতে আসবেন না বলে আগেই জানিয়েছিল ক্রেমলিন। ২৮ অগস্ট প্রধানমন্ত্রী মোদীকে ফোনে আনুষ্ঠানিক ভাবে সে কথা জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রধানমন্ত্রীর দপ্তর তরফে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোদীকে পুতিন জানিয়েছেন তাঁর পরিবর্তে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভারভ জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। মনে করা হচ্ছে রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে লাভারভও ওবেরয় হোটেলে থাকবেন।ইটালির দু’টি প্রতিনিধি দলের আপ্যায়নের দায়িত্ব জেডব্লিউ ম্যারিয়ট এবং হায়াত রিজেন্সিকে দেওয়া হয়েছে।দিল্লির জনপথে থাকা লা মেরিডিয়ান হোটেলে থাকার কথা রয়েছে নেদারল্যান্ডস, নাইজেরিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের।

