যশোরের কেশবপুর উপজেলা কৃষি অফিস কর্তৃক ৯ হাজার হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা ইতোমধ্যেই ৮ হাজার ১০০ হেক্টর অর্জিত হয়েছে। উপজেলা কৃষি অফিস সুত্রে জানাগেছে, উপজেলায় এ বছর উচ্চফলনশীল জাত সহ প্রায় ১০ ধরনের ধানের আবাদ করেছে কৃষকেরা। এর মধ্যে বীনা-৭, বীনা-১৭, বীনা-২০, বীনা-২২, ব্রি ধান-৭৫, ব্রি-৮৭, ব্রি-৩৯, ব্রি-৪৯ ও স্থানীয় জাতের গুটি স্বর্ণ ধান রয়েছে। তবে সব চেয়ে বেশী আবাদ হয়েছে ব্রি ধান-৭৫ ও ব্রি-৮৭ জাতের ধান। আষাঢ় শ্রাবণ মাস বাংলাদেশের ঋতু বৈচিত্রে বর্ষাকাল। কৃষি প্রধান বাংলাদেশের কৃষকের জন্য আমন ধানের চারা রোপনের সুবর্ণ সময় এই বর্ষাকাল, কিন্তু এ বছর বর্ষা মৌসুমে আশানুরুপ বৃষ্টি না হওয়ায় কেশবপুরের কৃষকরা শেষ মূহুর্তে নলকুপের পানি সেচ দিয়ে আমন ধানের চারা রোপন করছে। সময় মত পর্যপ্ত বৃষ্টি পাত না হওয়ায় নাবিতে আমন ধান রোপন শুরু হয়েছে। তাছাড়া অনেকে পাট কাটার পর সেই জমিতে আমন ধানের আবাদ করছে বলে দেরীতে রোপন শুরু করেছে। কেশবপুরের মাটি পাট চাষের জন্য উপযোগী হওয়ায় অধিকাংশ কৃষকেরা আগাম পাট চাষ করে, সেই পাট কেটে রোপা আমন ধানর আবাদ করে থাকে। এবিষয়ে কেশবপুর উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার জানান কেশবপুরে এবার ৯ হাজার হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। যা ইতোমধ্যেই ৮ হাজার ১০০ হেক্টর অর্জিত হয়েছে। তবে পর্যপ্ত বৃষ্টি না হওয়ায় সেচ দিয়ে আবাদ করছে। সে জন্য এখনও লক্ষ্যমাত্র অর্জিত হয়নি। তবে আশা করছি ধানের আবাদ লক্ষ্যমাত্র ছাড়িয়ে যাবে।

