ঢাকাশুক্রবার , ১৩ নভেম্বর ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী

ডেক্স রিপোর্ট :
নভেম্বর ১৩, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

 

বোমা হামলা, সন্ত্রাস ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বাংলাদেশের মানুষ অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি মেনে নেবে না। এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের নামে কোনো অপশক্তিকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।

আজ জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বোমা হামলা ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বেশ কয়েকজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কীভাবে তারা কর্মকাণ্ড পরিচালনা করছে, সে সম্পর্কে সরকার প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। সন্ত্রাসের পথ বেছে নেওয়া ব্যক্তিদের কর্মকাণ্ড দেশের মানুষও পর্যবেক্ষণ করছে।

গণমাধ্যমের দায়িত্ব ও সাংবাদিকদের পেশাগত মর্যাদা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সাধারণ মানুষের কাছে গণমাধ্যম এখন আস্থা ও ভরসার অন্যতম জায়গা। কোথাও অন্যায় বা হয়রানির শিকার হয়ে প্রতিকার না পেলে মানুষ সংবাদমাধ্যমের কাছে আসে। তাই সাংবাদিকদের এই বিশ্বাস ও গ্রহণযোগ্যতা অক্ষুণ্ণ রাখতে হবে। অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে পেশাজীবীদের ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে। সাংবাদিকতার মর্যাদা এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে দায়িত্বশীলতা নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে সরকারের সহযোগিতার প্রয়োজন হলে তা দেওয়া হবে।

তিনি আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের নির্ভীকভাবে লিখতে হবে। অন্যায়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যমকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

গত প্রায় নয় মাসে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের কোনো ঘটনা ঘটেনি উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা করার যে প্রচলিত সংস্কৃতি ছিল, সেখান থেকেও সরকার বেরিয়ে আসার চেষ্টা করছে।

সরকারের বিভিন্ন ইতিবাচক উদ্যোগ এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় নেওয়া পদক্ষেপগুলো সঠিক তথ্যের ভিত্তিতে জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, রাতারাতি একটি দেশের সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। তবে সরকার সঠিক তথ্য ও বাস্তবতার ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গঠনের প্রত্যয় নিয়ে কাজ করছেন এবং সব ধরনের অপশক্তির বিরুদ্ধে সরকার সক্রিয় রয়েছে।

ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সাংগঠনিক ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে মো. আসাদুজ্জামান বলেন, রাজনৈতিক মতাদর্শ ও চিন্তাধারায় ভিন্নতা থাকতেই পারে। কিন্তু নিজেদের জন্মস্থান ও শিকড়ের প্রতি ভালোবাসা থেকে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। নেতৃত্ব বা কর্তৃত্ব নিয়ে বিরোধ সৃষ্টি করে সংগঠনের কার্যক্রম বাধাগ্রস্ত করা কারও জন্য কল্যাণকর নয়। ব্যক্তিগত মতপার্থক্য দূরে রেখে সংগঠনের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি ঢাকায় কর্মরত ঝিনাইদহের সাংবাদিকদের প্রতি বছরে অন্তত এক থেকে দুটি কর্মসূচি নিজ জেলায় আয়োজনের আহ্বান জানান। তাঁর মতে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে জেলার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী উপকৃত হবে, স্থানীয় সাংবাদিক ও তরুণ প্রজন্ম উৎসাহিত হবে এবং ঝিনাইদহের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের অবদান আরও সম্প্রসারিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন।

ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি। অনুষ্ঠানে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক খাইরুল আলম বকুল।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহামেদ, ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতি ও দৈনিক কালবেলার হেড অব নিউজ মো. কবির হোসেন, জ্যেষ্ঠ সদস্য ও এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক রুবেল পারভেজসহ সংগঠনের অন্যান্য সদস্য।

সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, সাংগঠনিক ঐক্য, গণমাধ্যমের স্বাধীনতা ও জেলার উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।