ঘূর্ণিঝড়ের তাণ্ডবে গাছ ও ঘরচাপায় দুই বৃদ্ধ এবং এক যুবক ভোলায় নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে ঘূর্ণিঝড় সিত্রাং আঘাত হানলে ভোলা সদর, দৌলতখান ও চরফ্যাশন উপজেলায় এসব প্রাণহানি ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ৭টার দিকে দৌলতখান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ঘূর্ণিঝড়ে গাছ ঘরের ওপর ভেঙে পড়ে। এ সময় ঘরে থাকা বিবি খাদিজা (৮০) নামের এক বৃদ্ধা চাপা পড়েন।পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।অপরদিকে, ভোলার চরফ্যাশন উপজেলার চেয়ারম্যান বাজার এলাকায় রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় গাছের চাপায় মো. মাইনুদ্দিন (৪৫) নামের এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হন। তিনি ওই এলাকার হাজারীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় চেয়ারম্যান বাজারের স্বর্ণ ব্যবসায়ী। শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।এ ছাড়া সোমবার দিবাগত রাত ৮টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে ঘরের ওপর গাছ পড়ে গেলে মো. মফিজল হক (৬৪) নামের এক বৃদ্ধ নিহত হন। এ ঘটনায় আরো একজন আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনিরুল ইসলাম।

