রাজধানীর কমলাপুর রেলস্টেশনে পথশিশু, দরিদ্র ও সুবিধাবঞ্চিত প্রায় ৩০০ মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৮টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত পরিচালিত এ কর্মসূচিতে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে সাংবাদিক ও সংগঠনের সদস্যরা অংশ নেন। দুপুর থেকেই খাবার প্রস্তুতের কাজ শুরু করেন তাঁরা।
চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন, “সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিয়ে কাজ করার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ইনশাআল্লাহ, প্রতি সপ্তাহে কমপক্ষে ৩০০ মানুষের খাবারের ব্যবস্থা করার চেষ্টা করব। এ উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতা চাই।”
তিনি জানান, বর্তমানে সংগঠনটির দেশের ৪৩টি জেলায় জেলা কমিটি ও ১৪টি উপজেলা কমিটি রয়েছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় এ মানবিক কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. ওমর ফারুক জালাল বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই কমানো সম্ভব। ভাইস চেয়ারম্যান শাহ আলম সুরমা বলেন, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার সামাজিক দায়িত্ব।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপদেষ্টা এ কে এম নাজমূল হোসেন খান, যুগ্ম মহাসচিব মো. মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন পাটওয়ারী, মহিলা বিষয়ক সম্পাদক নুরুন্নাহার রিতা, মারিয়া ইসলাম, সারহিন আক্তার, আইন ও প্রশাসনিক বিষয়ক সম্পাদক সালমান মাহমুদ, দপ্তর সম্পাদক মো. নুরুল ইসলাম খোকনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। সার্বিক কার্যক্রমে দায়িত্ব পালন করেন মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ সানু।
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন জানিয়েছে, সাংবাদিকদের কল্যাণের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ ধারাবাহিকভাবে চালিয়ে যেতে চায় সংগঠনটি।

