রাজধানীর ঢাকা-১৬ আসনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তিনি বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য, দক্ষ ও স্বাবলম্বী নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বুধবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুর আদর্শ বিদ্যানিকেতন (উচ্চ বিদ্যালয়)-এর দুটি নতুন ভবন, অভিভাবক ছাউনি ও স্কুল ক্লিনিকের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ঢাকা-১৬ আসনের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তিনি সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছেন। কোথাও নতুন ভবন নির্মাণ, কোথাও পুরোনো ভবন সংস্কার ও আধুনিকায়ন, কম্পিউটার ল্যাব স্থাপন কিংবা খেলার মাঠের উন্নয়ন—প্রতিটি বিষয়কে গুরুত্ব দিয়ে ব্যক্তিগত উদ্যোগ, সামাজিক সহযোগিতা ও রাষ্ট্রীয় সহায়তার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিয়ে সমৃদ্ধ ও স্বাবলম্বী করে গড়ে তুলতে পারলে দেশ, সমাজ এবং আগামী প্রজন্ম উপকৃত হবে। শিক্ষার্থীরা যেন আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণ করতে পারে, এমন একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।
দেশের ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করার ওপর গুরুত্ব দিয়ে আমিনুল হক বলেন, বাংলাদেশের স্বাধীনতার আগে ও পরের সঠিক ইতিহাস প্রত্যেক শিক্ষার্থীর জানা প্রয়োজন। সেই ইতিহাস যথাযথভাবে শিক্ষার্থীদের কাছে তুলে ধরা শিক্ষাপ্রতিষ্ঠানসহ সবার দায়িত্ব।
নিজের শৈশব ও এলাকার স্মৃতিচারণ করে তিনি বলেন, এই এলাকাতেই তাঁর বেড়ে ওঠা, পড়াশোনা ও খেলাধুলা। পল্লবীর মাজেদুল ইসলাম স্কুল তাঁর নিজের শিক্ষাপ্রতিষ্ঠান। এ কারণে এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নকে তিনি নিজের দায়িত্ব ও কর্তব্য হিসেবে বিবেচনা করেন।
সমাজ ও রাষ্ট্রের কল্যাণে পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “আমি একা ভালো থাকলে হবে না, যতক্ষণ না আমার পাশের মানুষটি ভালো থাকে। সমাজের প্রকৃত পরিবর্তন আনতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের মধ্যে ভিন্নমত থাকতে পারে, কিন্তু সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও বলেন, দেশের মানুষ গণতন্ত্র ও নিজেদের অধিকার ফিরে পেয়েছে। এখন কোনো ধরনের বিশৃঙ্খলা কাম্য নয়। একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে ঢাকা-১৬ আসনে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির অগ্রগতি তুলে ধরে আমিনুল হক জানান, নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম ইতোমধ্যে এ আসনে শুরু হয়েছে। পর্যায়ক্রমে ২ নম্বর ওয়ার্ডের পর ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। অসহায় ও সুবিধাবঞ্চিত মা-বোনদের অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে ভবিষ্যতে স্বাবলম্বী নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
মিরপুর আদর্শ বিদ্যানিকেতনের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট আলী আসরাফ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্যসচিব মো. আলম মেহেদী হোসেন। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
শিক্ষার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি শিক্ষিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানে বক্তারা।

