আশাশুনির বুধহাটায় অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া এম.আর.এস ব্রিক্স-এ উপজেলা নির্বাহী অফিসার মু. ইয়ানুর রহমানের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভ‚মি) দিপা রানী সরকার। নওয়াপাড়া গ্রামের এমআরএস ভাটা মালিক পাশর্^বর্তী বেতনা নদী থেকে অবৈধভাবে মাটি কেটে ট্রলিতে ভরে ধুলিহর এলাকায় মালিকের নিজস্ব অপর এক ভাটায় নিচ্ছিল। খবর পেয়ে উপজেলা ভূমি কর্মকর্তা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর ৪ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন এএসআই জিয়াউর রহমান, উপজেলা ভূমি অফিসের সায়রাত সহকারী মোস্তাফিজুর রহমান, বুধহাটা ইউনিয়ন ভ‚মি সহকারী কর্মকর্তা মোকাররম হোসেন প্রমুখ।
আশাশুনির শরাপপুরে স্বর্গীয় কার্ত্তিক দাশ স্মৃতি ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি :আশাশুনির সরপপুরে স্বর্গীয় কার্ত্তিক দাশ স্মৃতি ৪ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার শোভনালী ইউনিয়নের সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে সরাপপুর অগ্রণী যুব সংঘের আয়োজনে টুর্ণামেন্টের উদ্বোধন করেন, স্বর্গীয় কার্ত্তিক চন্দ্র দাশের জ্যেষ্ঠ পুত্র জেলা আ’লীগের কোষাধ্যক্ষ, সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাজ্যেশ্বর দাশ। উদ্বোধনী খেলায় চাম্পাফুল ক্রিকেট একাদশ বনাম সরাপপুর অগ্রণী যুব সংঘ মুখোমুখি হয়। চাম্পাফুল ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৩০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৭ রান করে। জবাবে সরাপপুর অগ্রণী যুব সংঘ ক্রিকেট একাদশ ২৭ ওভারে ১৩৮ রান করে অল আউট হয়ে যায়। আম্পায়ারের দায়িত্ব পালন করেন, লিটু ও আরিফুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন সজল ও আব্দুর রহিম। এসময় উপস্থিত ছিলেন শোভনালী ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন, খেলার সার্বিক ব্যবস্থাপক ও কামালকাটি হাইস্কুলের সভাপতি সঞ্জয় কুমার দাশ, সরাপপুর হাইস্কুলের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, মশিউরিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আনন্দ মোহন মন্ডল প্রমুখ।
আশাশুনির ৩ ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলা ছাত্রলীগ ৩ ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানাগেছে, কমিটির মেয়াদ উত্তীর্ণ, সাংগঠনিক কার্যক্রম না থাকা এবং কমিটির সদস্যের মৃত্যুবরণ, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াসহ বিভিন্ন কারণে ৩টি ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিলুপ্ত ঘোষিত ইউনিয়ন ৩টি হলো, বড়দল ইউনিয়ন ছাত্রলীগ, শ্রীউলা ইউনিয়ন ছাত্রলীগ ও শোভনালী ইউনিয়ন ছাত্রলীগ। বিজ্ঞপ্তিতে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত উপজেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর আগামী ৫ কার্যদিবসের মধ্যে জমা দেওয়ার জন্য আহবান করা হয়েছে।

