স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, হাসপাতালগুলো কোনো জঙ্গি আস্তানা নয় । রোববার দুপুরে নওগাঁর পত্মীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও কৃষিজীবী স্বাস্থ্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে হাসপাতালগুলো পর্যালোচনা করছি। সরকারি-বেসরকারি সব হাসপাতাল পরিদর্শন করে কোনো ধরনের গরমিল পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটাকে কোনোভাবে অভিযান বলা যাবে না। হাসপাতালগুলো কোনো জঙ্গি আস্তানা নয়। এসব প্রতিষ্ঠানে অভিযান চালাতে নয়, পরিদর্শন করতে যাই। হাসপাতালগুলো ভুল-ত্রুটি শুধরে নিয়ে যাতে ভালোভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারে, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।সেজন্য হাসপাতাল পরিদর্শনকে গণমাধ্যমে অভিযান হিসেবে না প্রচারের অনুরোধও জানিয়েছেন তিনি।সামন্ত লাল সেন জানান, গ্রামে কাজ করার সুবাদে তিনি সেখানকার অবস্থা সম্পর্কে অবগত। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারলে বাংলাদেশের স্বাস্থ্যসেবা বদলে দেওয়া সম্ভব। স্থানীয় হাসপাতালগুলোতে যেসব অস্ত্রোপচার করা সম্ভব, সেগুলো সেখানেই করতে হবে। তাহলে স্থানীয় হাসপাতালগুলোতে মানুষের আস্থা বাড়বে।স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি একজন সাধারণ মানুষ। মন্ত্রী হব এটা কোনো দিন ভাবিনি। একটা ফোন আমার ভাগ্য বদলে দিয়েছে। দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। মুক্তিযোদ্ধা চিকিৎসক প্রজন্ম ও ইম্প্রেশন ফাউন্ডেশন আয়োজিত এ স্বাস্থ্য সমাবেশে দিনভর দুই সহস্রাধিক মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়। পত্মীতলা উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্রে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা চিকিৎসক প্রজন্মের সভাপতি কাজী শফিকুল ইসলাম হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পরিকল্পনা প্রতিমন্ত্রী ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক, সাবেক নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম, বাংলাদেশ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইম্প্রেশন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ড. কাজী শাহেদুল হালিম।

