ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী ও চোরচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম। গ্রেপ্তাররা হলেন গাজীপুর জেলার জয়দেবপুর থানার কাতুরা গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে রাজু মিয়া (৩৪), রংপুর জেলার পীরগঞ্জ থানার কাশিমপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে মো. রাখু মিয়া (৪৮), পটুয়াখালী জেলার দশমিনা থানার আইল্লাপুর গ্রামের মৃত আশরাফ মৃধার ছেলে সাইদুর মৃধা (৩০), গাজীপুর জেলার জয়দেবপুর থানার কাতুরা গ্রামের সেলিম হোসেনের ছেলে মো. সোহেল রানা (৩২)। ডিবি পুলিশ জানায়, আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারী ও চোরচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার চোরচক্রের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকার সাভার, আশুলিয়া, ধামরাই থানাসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রয়েছে।ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী ও চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সিডিএমএস পর্যালোচনা করলে দেখা যায় আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

