পুলিণ চন্দ্র হাওলাদারসহ চারটি হিন্দু পরিবারের তিন একর ৭১ শতক জমি নিয়ে আরেক হিন্দু পরিবার খোকন মন্ডলের বিরোধ সংক্রান্ত ঘটনার সমাধান করতে গিয়ে বিপাকে পড়েছি। এখানে জমি লিখে নেওয়ার জন্য হুমকি, মারধরের কোন ঘটনার সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। খোকনের পরিবারকে দেশ ছাড়তে হুমকি দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক। মূলত দুই পক্ষকে নিয়ে স্থায়ী সমাধানের জন্য নীলগঞ্জের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান শহীদ মাতুব্বরের উদ্যোগে এক সালিশে উভয় পরিবারের শান্তি রক্ষায় বিরোধীয় জমি তৃতীয় পক্ষকে চাষাবাদ করার সিদ্ধান্ত দেওয়া হয়। এর বাইরে কিছুই নয়। শনিবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন।পুলিণ চন্দ্র ও তার যৌথ স্বাক্ষরিত লিখিত বক্তব্যে তিনি বলেন, নীলগঞ্জ মৌজায় পিএস ১০৮ নম্বর খতিয়ানের সাত একর ৪১ শতক জমির মালিক পুলিন চন্দ্রের বাবা পূর্ণ চন্দ্র গং। কিন্তু আরএস খতিয়ানে ভুলবশত তিন একর ৭০ শতক জমি পরেশ চন্দ্র মন্ডলের নামে রেকর্ড হয়। যা পরবর্তীদে না-দাবীপত্র দলিলে ভূমি দাবি প্রত্যাহার করে নেন। কিন্তু বিএস জরীপে ৩৬ শতক জমি ছাড়া বাকি জমি খ তফশিলে অন্তর্ভুক্ত হয়। যা নিয়ে মামলা করা হয়েছে। এমতাবস্থায় ১/১ খতিয়ান থেকে পুলিন চন্দ্র রেকর্ড করার জন্য কলাপাড়া ভূমি অফিসে ৪৯/২৩ মিস কেচ দায়ের করেন। তখন নীলগঞ্জ ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (তহশিলদার) গোলাম মোস্তফাকে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন সহকারী কমিশনার (ভূমি)। পুলিন জানান, প্রতিবেদন দিতে তহশিলদার তার কাছে এক লাখ টাকা উৎকোচ দাবি করেন। তিনি ২০ হাজার টাকা দেন। বাকি টাকা না দেওয়ায় খোকন মন্ডলের কাছ থেকে মোটা অংকের উৎকোচ নিয়ে মিথ্যা প্রতিবেদন দেয়।পুলিন চন্দ্র জানান, বর্তমান বছরে আমরা পাঁচ বিঘা জমি চাষাবাদ করতে পারিনি। আউশ ধানও কেটে নিয়ে গেছে। বর্তমানে উল্টো খোকন মন্ডলসহ তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে আমরা তটস্থ। তার দাবি, হাফিজুর রহমান আমাদের পাশে দাঁড়ালে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন। এব্যাপারে ভূমি উপ-সহকারী কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, উৎকোচ নেওয়ার অভিযোগ মিথ্যা ও বানোয়াট। সত্য প্রতিবেদন দেওয়ায় ওনারা ক্ষুব্ধ হয়ে এসব বলছেন। প্রতিপক্ষ খোকনচন্দ্র মন্ডল বলেন, ‘আমার জমির মালিকানার সকল কাগজপত্র ঠিক রয়েছে। খাজনা পর্যন্ত পরিশোধ করা হয়েছে। বিএস পর্যন্ত রেকর্ড আছে। আর আমাকে ডেকে নিয়ে হুমকি-ধামকিও দেওয়া হয়েছে। আমি বিএনপি করেও আজ অসহায় হয়ে আছি বলেও দাবি করেন খোকন। তিনি মিথ্যা কিছু বলেননি।
পূণ্য স্নান শেষে কলাপাড়ায় বসেছে পাঁচদিনের রাসমেলা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ হাজার হাজার ভক্তের পূণ্য স্নানের মধ্য দিয়ে কুয়াকাটায় সনাতন ধর্মালম্বীদের রাস উৎসব শনিবার সকালে শেষ হয়েছে। এরই ধারবাহিকতায় ফি বছরের মতো বিকেল থেকে কলাপাড়া পৌরশহরের প্রাচীন ঐতিহ্য মদনমোহন সেবাশ্রম প্রাঙ্গনে পাঁচদিন ব্যাপী রাস মেলা শুরু হয়েছে। শনিবার দুপুরের পর থেকে রাসভক্ত শত শত নর-নারী মন্দির প্রাঙ্গনে ভিড় করেছে। তারা দর্শণ করছেন রাধাকৃষ্ণের ১৭ জোড়া যুগল প্রতিমা। রাতভর ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে। বিকেল থেকেই নারী ভক্তের ভিড় রয়েছে উপচেপড়া। মন্দির প্রাঙ্গন ছাড়াও সামনের সড়কে মেলাকে ঘিরে বসেছে অস্থায়ী দোকানপাট। আগতরা করছেন কেনাকাটা। মদনমোহন সেবাশ্রম কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক জানান, শত বছরেরও আগ থেকে মদনমোহন সেবাশ্রমে এ রাসপূঁজা ও মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় বিভিন্ন ধরনের মাটির তৈরি, বাঁশের তৈরি খেলনা সামগ্রীর পাশাপাশি কসমেটিকস সামগ্রীর দোকান বসেছে। হিন্দু নারীদের শাখা-সিদুর, চুড়ি পর্যন্ত বিক্রি হচ্ছে। মেলা প্রাঙ্গনের বাইরের সড়কে বিভিন্ন ধরনের গ্যাসবেলুন সামগ্রী বিক্রি করছিলেন সিলেট থেকে আসা জাকারিয়া, আলাল ও বগুড়ার আতাউর রহমান। জানালেন, ফি বছর তারা কলাপাড়ায় রাস পুর্ণিমার এই অনুষ্ঠানে এসব সামগ্রী বিক্রি করেন। কলাপাড়ায় রাস মেলাকে ঘিরে কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সার্বক্ষণিক পুলিশের পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলাবাহিনীর সতর্ক দৃষ্টি রয়েছে। পাঁচদিনের রাসমেলাকে ঘিরে সনাতন ধর্মের অনুসারীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আয়োজকরা জানান, ফি-বছরের মতো এবছরও বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলবে রাসমেলা। সনাতন ধর্মের অনুসারী ছাড়াও অন্য ধর্মের শত শত মানুষ এই মেলায় কেনাকাটা করতে আসেন। শিশুদের বায়না পুরনের জন্য মায়েদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম জানান, সকলের সহায়তায় কুয়াকাটায় রাসমেলা ও পূণ্য স্নান সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। একইভাবে কলাপাড়া পৌরশহরের পাঁচদিনের রাসমেলা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্নের সকল উদ্যোগ নেওয়া হয়েছে। তবে রাস উৎসবকে ঘিরে এবছর উপজেলা প্রশাসনের আয়োজিত বিভিন্ন পদক্ষেপ ছিল বিশেষ প্রশংসনীয়।

