এবারের নির্বাচন সবচেয়ে অবাধ ও সুষ্ঠু হয়েছে। নির্বাচনে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । রোববার সকালে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে তিনি এ কথা বলেন। সকাল সাড়ে ১০টার দিকে সম্মেলনটি শুরু হয়, যা শেষ হবে আগামী বুধবার। শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই, আমাদের দেশ এগিয়ে যাক, এটাই আমাদের লক্ষ্য। প্রধানমন্ত্রী বলেন, ‘একটা সরকারের ধারাবাহিকতা না থাকলে উন্নয়নটা টেকসই হয় না, এটায় প্রমাণিত সত্য। জেলা প্রশাসকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘রমজানে নজর দিতে হবে, যেন ভোক্তারা হয়রানির শিকার না হয়। তিনি কিশোর গ্যাংয়ের বিষয়ে নজর রাখার কথাও বলেন। তিনি বলেন, ‘পরিবার থেকে বা স্কুল-কলেজ থেকে শুরু করতে হবে, যেন ছেলেমেয়েরা এসবে জড়িত হতে না পারে। চার দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (০৩ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আগামী বুধবার (৬ মার্চ) সম্মেলন শেষ হবে।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া বক্তব্য রাখেন। বিভাগীয় কমিশনারদের পক্ষে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকার বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম এবং জেলা প্রশাসকদের পক্ষে বক্তব্য রাখেন চট্টগ্রামের ডিসি আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান ও গাইবান্ধার ডিসি কাজী নাহিদ রসুল। সরকার প্রধানের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী ও সচিবরা আলোচনায় যোগ দেবেন এবং ডিসিদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের উদ্ভাবন, সেবা এবং সার্বিক উন্নয়নের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্য পরীক্ষার জন্য দেশের বাইরে রয়েছেন, এ জন্য জেলা প্রশাসকদের সাথে তার কোনো বৈঠক হবে না। তবে ডিসি ও বিভাগীয় কমিশনাররা প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করবেন।

