আশাশুনির বড়দলে গাছ থেকে পড়ে এক করাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বড়দল গ্রামের মৃত. কাশেম গাজীর ছেলে পেশাদার কাতারি আব্দুর রহিম গাজী (৫৪) বড়দল গ্রামের ইলিয়াছিনের ক্ষেতে করাত দিয়ে গাছ কাটার কাজ করছিলেন। একটি শুকনা চটকা গাছের ডালে বসে অন্য ডাল কাটার সময় একই সাথে দুটি ডাল ভেঙ্গে পড়ে। মুহুর্তের মধ্যে ডাল দু’টি তাকে নিয়ে গাছের নিচে রাস্তার উপর পড়লে ঘটনাস্থানেই তিনি নিহত হন। মর্মান্তিক এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ৩ মেয়ে সন্তান রেখে গেছেন।
আশাশুনিতে জাতীয় সমবায় দিবস পালিত
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ৫১ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তর’র আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মু. ইয়ানুর রহমান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। শিক্ষক উত্তম মন্ডলের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক রমেন্দু বাছাড়। বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, বিআরডিবি চেয়ারম্যান আব্দুল মান্নান, সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন সমীরন কুমার বাইন, গীতারানী, মিনতি রানী প্রমূখ। অনুষ্ঠানে শ্রেষ্ট সমবায় সমিতি হিসাবে আশাশুনি ইউসিসিএ, কাদাকাটি গোলাপ মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিঃ, গাইয়াখালী সূর্যমুখী সমবায় সমিতি লিঃ’র সভাপতির হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
আশাশুনির বড়দলে শিক্ষানুরাগী মফিজুল সানার দাফন সম্পন্ন
আশাশুনি প্রতিনিধি : আশাশুনির বড়দলে বিশিষ্ট শিক্ষানুরাগী মফিজুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম আফতাব উদ্দিন সানার সেজ পুত্র বিশিষ্ট শিক্ষানুরাগী মফিজুল ইসলাম সানা (৬২) গত ৩ নভেম্বর রাত সাড়ে ১১ টার দিকে স্ট্রোকে আক্রান্ত হলে রাতেই তাকে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে লাইফ সাপোর্টে ছিলেন। শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি …. রাজেউন)। শনিবার সকাল ১০ টায় বড়দল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযা নামাজে ইমামতি করেন মাওঃ আব্দুস সবুর সরদার। জানাযা পূর্ব আলোচনা রাখেন মাওঃ আয়েন উদ্দিন, হাফেজ আজম, মাওঃ আব্দুর রহিম প্রমুখ। নামাজে জানাযায় অংশ নেন বড়দল কলেজিয়েটের অধ্যক্ষ ড. শিহাবউদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা, বিএনপি নেতা আজারুল ইসলাম মন্টুসহ বহু আলেম, হাফেজ, হাজী, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষ। মৃতকালে তিনি ১ ছেলে ও ১ কন্যা রেখে গেছেন।

