ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেছেন,জুলাই সনদের বাধ্যবাধ্যকতা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে । তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো ও বিশেষত বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শুক্রবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জুলাই সনদ প্রণয়নের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি এসব কথা বলেন।আলী রীয়াজ বলেন, ‘স্বল্পতম সময়ে এ পর্যায়টি শেষ করতে চাই। এখানে বিশেষজ্ঞদের সঙ্গে দীর্ঘমেয়াদি হবে বলে মনে করি না। এর মধ্য দিয়ে সাংবিধানিক ও আইনগত বাধ্যবাধকতা বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে।এমপি প্রার্থীদের বয়স কমিয়ে ২১ করাসহ বেশ কিছু বিষয়ে ঐক্যমত্য কমিশন আলোচনা করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, ‘প্রথম পর্বের আলোচনায় ২৫টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর তীব্র মতপার্থক্য থাকায় দ্বিতীয় পর্যায়ে আলোচনা হয়নি।সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—বাংলাদেশকে ৪টি প্রদেশে ভাগ করা, সংসদ নির্বাচনে ন্যূনতম বয়স কমিয়ে ২১ বছর করা, স্থানীয় সরকারের নির্বাচন আগে করা। এগুলো দ্বিতীয় পর্যায়ে আলোচনা হয়নি। সেই সঙ্গে কমিশনের সুপারিশের বাইরে রাখা হয়েছে।সহ-সভাপতি বলেন, ‘সংসদে নারী আসন বৃদ্ধিতে কমিশনের পক্ষ থেকে একাধিক প্রস্তাব দেয়া হয়। তবে ১০০ আসন বৃদ্ধিতে কার্যত প্রায় সব দল একমত। কিন্তু কী প্রক্রিয়ায় তা হবে, সে বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। সবশেষে পর্যায়ক্রমিকভাবে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করার সিদ্ধান্তে পৌঁছায় দলগুলো।

