ঢাকাবুধবার , ৭ মে ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় কার কী ক্ষয়ক্ষতি হলো

আওরঙ্গজেব কামাল :
মে ৭, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

হঠাৎ করেই মধ্যরাতে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। এর জবাবে ভারতেও পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ দাবি করেছে, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।ভারত দাবি করেছে , তারা নয়টি পাকিস্তানি অবকাঠামোয় হামলা চালিয়েছে। যার কয়েকটি গত মাসে ভারতের কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনার সাথে সম্পর্কিত। তবে ইসলামাবাদ জানিয়েছে, ছয়টি পাকিস্তানি এলাকায় হামলা চালিয়েছে ভারত। তবে তার কোনোটিই উগ্রপন্থিদের শিবির না। পাকিস্তানের একজন সামরিক মুখপাত্র জানিয়েছেন, ভারতের কমপক্ষে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪৬ জন আহত হয়েছে।
কাশ্মীরের পহেলগামে বন্দুক হামলার ঘটনার জেরে প্রায় দুই সপ্তাহের উত্তেজনার পর অবশেষে মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত। যার নাম দেয়া হয় ‘অপারেশন সিন্দুর’। তবে ভারতের এই হামলার জবাবে দ্রুতই পাল্টা হামলা চালায় পাকিস্তান। এটাকে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ দুটির মধ্যে দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াই মনে করা হচ্ছে। এর ফলে আরও বিস্তৃত ও দীর্ঘস্থায়ী যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।ভারতের দাবি, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি ‘সন্ত্রাসী ক্যাম্প’ এ ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ৭০ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। আরও ৬০ জন আহত হয়েছে। তবে পাকিস্তানের দাবি, ভারতের আক্রমণের ফলে ২৬ জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ৪৬ জন আহত হয়েছেন।পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, হামলার বেশিরভাগই মসজিদ লক্ষ্য করে চালানো হয়েছে। জিও নিউজের প্রতিবেদন মতে, পাকিস্তানের বাহাওয়ালপুরের পূর্ব আহমেদপুরে মসজিদে সুবহানাল্লাহতে ১৩ জন শহীদ হয়েছেন। এর মধ্যে দুটি ৩ বছর বয়সি মেয়ে, সাতজন নারী ও চারজন পুরুষ। এতে ৩৭ জন আহত হয়েছেন। যাদের ৯ জন নারী ও ২৮ জন পুরুষ।বিবিসির এক প্রতিবেদন মতে, মসজিদে সুবহানাল্লাহতে মাওলানা মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য ও ৪ ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছে। পাকিস্তানভিত্তিক জয়শ-ই-মোহাম্মদের (জেইএম) পক্ষ থেকে বুধবার এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়েছে। মাওলানা মাসুদ আজহার সংগঠনটির প্রধান। জাতিসংঘের ‘সন্ত্রাসী’ তালিকায় মাসুদ আজহারের নাম রয়েছে। মুজাফফরাবাদে মসজিদে বিলালে ৩ জন শহীদ হয়েছেন। এছাড়া এক কিশোরী ও এক কিশোর আহত হয়েছেন। কোটলির মসজিদ আব্বাসে একটি ১৬ বছর বয়সি মেয়ে ও একটি ১৮ বছর বয়সি ছেলে নিহত হয়েছে। পাশাপাশি এক মা ও তার শিশুসন্তান আহত হয়েছেন।মুরিদকের মসজিদে উম্মুল কুরায় হামলায় ৩ জন নিহত ও একজন আহত হয়েছেন। শিয়ালকোটের হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শাকরগড়ের হামলায় একটি ডিসপেনসারি/ফার্মেসি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ভারতের হামলায় পাকিস্তানের নীলম-ঝিলাম জলবিদ্যুৎ প্রকল্পের নোসেরি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।বিপরীতে পাকিস্তানের হামলায় ভারতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে দেশটির গণমাধ্যমে জানানো হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের বরাতে এনডিটিভির খবরে বলা হয়েছে, পাকিস্তানের প্রতিশোধমূলক গোলাবর্ষণে ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে দুই শিশুসহ ১০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন। পাকিস্তান জানিয়েছে, ভারতের বিমান হামলার পর পাকিস্তানের সশস্ত্র বাহিনী দ্রুতই প্রতিরোধমূলক হামলা শুরু করে। দেশটির দাবি, তারা ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) পাঁচটি যুদ্ধবিমান ও একটি যুদ্ধ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এবং বেশ কয়েকটি চেকপোস্টসহ একাধিক ব্রিগেড সদর দফতর ধ্বংস করেছে।বুধবার (৭ মে) এক সংবাদ সম্মেলনে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারতীয় বিমানের সাথে সংঘর্ষে পাকিস্তান বিমান বাহিনীর সমস্ত যুদ্ধবিমান নিরাপদে রয়েছে।সেনাবাহিনীর শীর্ষ মুখপাত্র আরও জানান, ভারতীয় বিমান বাহিনীর ধ্বংস হওয়া যুদ্ধবিমানের মধ্যে তিনটিই ফ্রান্সের তৈরি রাফায়েল এবং রাশিয়ার তৈরি একটি এসইউ-৩০এমকেআই এবং একটি এমআইজি-২৯ ফুলক্রাম। ভারতীয় সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে, কমপক্ষে ৩টি ভারতীয় যুদ্ধবিমান ভারতীয় ভূখণ্ডের ভেতরে ‘বিধ্বস্ত’ হয়েছে। অন্য কথায়, ভারত স্বীকার করেছে যে, মঙ্গলবার রাতে পাকিস্তান তাদের কমপক্ষে ৩টি বিমান ভূপাতিত করেছে। বাকি দুটি এখনও নিশ্চিতকরণের অপেক্ষায় রয়েছে। পাকিস্তানি কর্মকর্তাদের মতে, গত রাতে ভারতীয় বিমান ভূপাতিত করার ঘটনাটি কেবল আত্মরক্ষার জন্য ছিল, প্রকৃত প্রতিশোধের অংশ ছিল না। পাকিস্তান আরও দাবি করেছে, তাদের সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর বেশ কয়েকটি সেক্টরে ভারতের একাধিক পোস্ট ধ্বংস করেছে। রাত থেকেই সীমান্তে তীব্র গুলি বিনিময় চলছে। পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় সেনাদের সাথে লড়াই করছে। এদিকে পার্লামেন্টে শেহবাজ শরীফ দাবি করেন, ভারত গত রাতে সম্পূর্ণ প্রস্তুত হয়ে আক্রমণ চালিয়েছে, যেখানে তাদের ৮০টি বিমান অংশ নিয়েছিল।পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, বিধ্বস্ত ভারতীয় বিমানের মধ্যে তিনটি রাফাল বিমানও ছিল। ভারত তার রাফাল বিমানের জন্য খুবই গর্বিত বলেওতিনি উল্লেখ করেন। অপরদিকে ভারত জানিয়েছে ভারতীয় সামরিক বাহিনী জানিয়েছে, পাকিস্তানের গোলা বর্ষণে ১৫ জন বেসামরিক নাগরিক মারা গেছে এবং আহত হয়েছে আরও ৪৩ জন।ভারতশাসিত কাশ্মীরের পুঞ্চ ও তাংদারে বেসামরিক এলাকায় গোলাবর্ষণ হয়েছে বলে তারা জানিয়েছে।
ওদিকে পাকিস্তান দাবি করেছে, ভারতের বিমান হামলায় তাদের ২৬ জন নাগরিক নিহত হয়েছে।
**** পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের হামলার পর থেকে এখন পর্যন্ত যা ঘটেছে, তার গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে তুলে ধরা হলো:
ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান উত্তেজনাকে ‘গুরুতর উদ্বেগের’ বিষয় বলে উল্লেখ করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। রাশিয়া বলেছে, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সংঘাতের বিষয়ে তারা ‘গভীরভাবে উদ্বিগ্ন’। তুরস্ক বলেছে, পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের হামলা ‘যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে’। বিমান হামলার পর থেকে ভারত ও পাকিস্তানে প্রায় সাড়ে পাঁচশ ফ্লাইট বাতিল করা হয়েছে। পাকিস্তানে বাণিজ্যিক ফ্লাইটের ষোল শতাংশ এবং ভারতের প্রায় তিন শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে বলে ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার২৪ জানিয়েছে।ভারত বলছে, ভারত-শাসিত কাশ্মীরে পাকিস্তানের পাল্টা হামলায় ১৫ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। ওদিকে পাকিস্তান দাবি করেছে, ভারতের বিমান হামলায় তাদের ২৬ জন নাগরিক নিহত হয়েছে।পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশটির পার্লামেন্টে জানিয়েছেন, তার দেশের নিরাপত্তা বাহিনী গুলি করে পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে। তিনি বলেন, এর মধ্যে দুটি কাশ্মীরে এবং একটি ভারতের বাথিন্দায় ভূপাতিত হয়েছে।বাংলাদেশের বিভিন্ন এয়ারলাইন্সের বিমান পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলাচল করছে। বিকল্প রুটে চলাচল করার কারণে বিভিন্ন ফ্লাইটে একটু বেশি সময় লাগছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর বিবিসি বাংলাকে এই তথ্য জানিয়েছে।ভারত বলেছে, বুধবার মধ্য রাতে তারা পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের নয়টি আলাদা স্থাপনা লক্ষ্য করে হামলা করেছে, যাকে তারা ‘সন্ত্রাসবাদী অবকাঠামো বলে বর্ণনা করেছে। তাদের দাবি, এসব হামলা চালানো হয়েছে ‘সুনির্দিষ্ট, পরিমিত এবং উসকানিবিহীন’ পদ্ধতিতে। ইসলামাবাদ জানিয়েছে, ভারত পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের ছয়টি স্থানের ২৪টি স্থাপনায় হামলা চালিয়েছে। এটিকে তারা ‘কাপুরুষোচিত হামলা’ বলে আখ্যায়িত করেছে। গত মাসে ভারত-শাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর থেকে ভারত-পাকিস্তানের সম্পর্ক দ্রুত অবনতি হচ্ছে। ভারতীয় কর্মকর্তারা বলছেন, ওই সময়ে হামলাকারীদের সঙ্গে পাকিস্তানের সংযোগ পাওয়া গেছে। তবে পাকিস্তান এই অভিযোগ দৃঢ়তার সাথে অস্বীকার করেছে।পহেলগামে হামলার ঘটনার পর ভারত ও পাকিস্তান দুই দেশই একে অপরের বিরুদ্ধে বিভিন্ন প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নেয়। যেমন– সীমান্ত বন্ধ ও নদীর পানি বণ্টন চুক্তি স্থগিত।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।