বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।বুধবার (৭ মে) বিকেলে রাজধানীর গুলশানে বাংলাদেশ পুলিশ বার্ষিক শ্যুটিং প্রতিযোগিতা ২০২৪ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।আইজিপি বলেন, ভারত-পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, কোনো জঙ্গি বা সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে সে জন্য সীমান্ত জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক করা হয়েছে।এ সময় বাংলাদেশ পুলিশ ক্লাবের সভাপতি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টেশনের (পিবিআই) অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতার বজায় রাখতে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে দুদেশকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানানো হয়েছে। শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি বজায় রাখা হবে বলেও আশাবাদ ব্যক্ত করে ঢাকা।

