ডুমুরিয়া প্রতিনিধি : খুলনা জেলার ডুমুরিয়ায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লংঘনের দায়ে ৫টি অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে উপজেলার খর্ণিয়া এলাকায় বিভিন্ন ইটভাটায় পরিবেশ অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্বদেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম ও ডুমুরিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুর রহমান। অভিযানে ডুমুরিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সহযোগিতা করেন।
জানা যায়, লাইসেন্স বাতিল হওয়ায় এবং নদীর জায়গা ব্যবহার করে ইট ভাটা পরিচালনা করার দায়ে আটলিয়া ইউনিয়নের কুলবাড়িয়া এলাকার বাহার ব্রীকস ভেঙ্গে দেয়া হয়, নদীর জায়গা ব্যবহারসহ হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভাটা পরিচালনা করার দায়ে খর্নিয়া ইউনিয়নের রানাই এলাকায় জেবি ব্রীকসের আব্দুল লতিফ জমাদ্দারকে ২ লাখ টাকা, লুইন ব্রীকসের রফিকুল ইসলামকে ২ লাখ টাকা, চহেড়ার সেতু-৪ ব্রীকসের গাজী আব্দুল হককে ১ লাখ টাকা এবং স্টোন ব্রীকসের ইকবাল জমাদ্দারকে ২ লাখ টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়েছে। এছাড়া এসব ভাটায় টুকিটাকি ভাংচুর ও চুল্লিতে পানি দিয়ে ইট বিনষ্ট করা হয়। উচ্চ আদালত ও জেলা প্রশাসনের নির্দেশনায় খুলনার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।অপরদিকে ট্রাকে আলগাভাবে বালু বহনের দায়ে খর্নিয়ার ট্রাক চালক মোঃ শাহিনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

