গাইবান্ধার সুন্দরগঞ্জে আমণ ধানের বাম্পার ফলন দেখা দেয়ায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে।
জানা যায়, এবারে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভায় লক্ষ্যমাত্রানুযায়ী ২৯ হাজার ৮’শ ৫২ হেক্টর অতিক্রম করে ৩০ হাজার ৭’শ ৭৯ হেক্টর জমিতে আমণ ধানের চাষ হয়েছে। যা, লক্ষ্যমাত্রার চেয়ে ৯৩৭ হেক্টর বেশি। কৃষি বিভাগের পরামর্শ মোতাবেক উন্নত জাতের বীজ, উদ্বুদ্ধ করণ, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পর্যায়ে সহায়তাদান আর কৃষকদের ঐকান্তিক প্রচেষ্টায় আমণ চাষে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। আবহাওয়া অনুকূলে থাকলে কাঁটা-মাড়াই শেষে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। ফলে চলতি মৌসূমে আমণ ধান উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবার আশাবাদ ব্যক্ত করছে কৃষি বিভাগ।
এদিকে, ব্রহ্মপুত্র ও তিস্তা নদ-নদী বেষ্টিত উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে সম্পূর্ণরূপে বেলকা, হরিপুর কাপাসিয়া, আংশিকরূপে চণ্ডিপুর শ্রীপুর, কঞ্চিবাড়ি, শান্তিরাম, দহবন্দ, তারাপুর ও সুন্দরগঞ্জ পৌরসভার রামডাকুয়া মৌজার একটি বৃহদাংশে নদ-নদীর বুক চিরে জেগে ওঠা চর। নদীচরগুলোতে নানান ফসলের সমারোহ লক্ষ্যনীয়। এসব ফসলের মাঠ ঘুরে কৃষক-কৃষাণী, সামাজিক প্রতিনিধি ও কৃষি বিভাগের কর্মকর্তা জানান, তারা ফসল উৎপাদনের দিক থেকে শান্তিতে রয়েছেন। বিভিন্ন চরে শ্রাবণমাসে সর্বশেষ বন্যা পরবর্তীকালে পলল পড়া কিছু চরে ছিটানো ধান গজিয়ে বিনা চাষে, স্বল্প খরচে কম পরিচর্যায় আগাম জাতের ধানগুলো কাটা-মাড়াইয়ের ধুম পড়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা- কৃষিবিদ রাশিদুল কবির আশাবাদ ব্যক্ত করে বলেন- আমরা কৃষকদেরকে যথাযথ পরামর্শ প্রদান করে আসছি। এপর্যন্ত মাঠে ফসলের অবস্থা খুবই ভাল। আমণ ধান চাষাবাদে জমির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ায় ও আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন আশা করা যাচ্ছে। এবারে আমণ ধান উৎপাদনে লক্ষমাত্রা ছাড়িয়ে যাবার সম্ভাবনা অনেক বেশি।
আবু বক্কর সিদ্দিক
জেলা প্রতিনিধি
গাইবান্ধা।

