খুলনা জেলার ডুমুরিয়ায় নিখোঁজ শিশু শ্রীনাথের ভাসমান লাশ ৩৩ ঘন্টা পর মাছের ঘের থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঘোনা বান্দা এলাকার জনৈক অংশুপতি বৈরাগীর মৎস্য ঘের থেকে উদ্ধার করা হয়। গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি নিখোঁজ হয়।
মৃতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের বান্দা গ্রামের প্রভাষ রায়ের আড়াই বছরের পুত্র শিশু শ্রীনাথ রায় ঘটনার দিন সকালে তার বাবা মা পুত্রকে নিয়ে তাদের ঘোনা এলাকায় নিজস্ব মৎস্য ঘেরে যায়। কিছুক্ষণ পরে ঘেরে প্রভাষ তার স্ত্রী-পুত্রকে রেখে বাজারে সবজি বিক্রি করতে যায়। তখন দুপুর সোয়া ১২টা বাজে। সে সময় শ্রীনাথ ঘেরের পূর্বপাশে বেড়ির উপর খেলছিলো। তার মা চন্দ্রা ঘেরের কাজে ব্যস্ত ছিলেন। সাড়ে ১২টার দিকে মা তাকিয়ে দেখেন শিশু বেড়ির উপর নেই। তখন আশপাশ এলাকায় খোঁজাখুজির একপর্যায়ে ঘেরে জাল টেনে ব্যাপক তল্লাশী করে। শিশুর কোন সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরী করে মা চন্দ্রা রায়। গতকাল সকালে পাশের জনৈক অংশুপতির ঘেরে উবুড় অবস্থায় ভাসতে দেখে থানা পুলিশে খবর দেয় স্থানীয়রা। তবে এ ঘেরটি তল্লাশী করা হয়নি। দুই সন্তানের মধ্যে শ্রীনাথ ছোট এবং মেয়ে সাধনার বয়স ৮ বছর। থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, ঘোনা বান্দা এলাকার জনৈক অংশুপতির মৎস্য ঘের থেকে ভাসমান অবস্থায় শিশু শ্রীনাথের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে পানিতে ডুবে মৃত্যু প্রাথমিকভাবে প্রতীয়মান হলেও ময়না তদন্ত রিপোর্ট ছাড়া সঠিক কিছু বলা সম্ভব নয়।

