আশাশুনির বুধহাটা ইউনিয়নের মধ্যম চাপড়া (পূর্ব পাড়া) মরিচ্চাপ নদীর বাঁধ ভাঙ্গন দ্রুতই বেড়ে চলেছে। নতুন করে ২ দিনে ১০ হাত বাঁধ নদী গর্ভে বিলীন, ২টি বাড়ি বিধ্বস্থ ও ৮টি বাড়ি ভাঙ্গনের হাতছানিতে হুমকী গ্রস্থ হয়ে পড়েছে। প্রশাসন ও পাউবো কর্তৃপক্ষ জনদাবী উপেক্ষা করায় আজকের এই পরিণতির সৃষ্টি হয়েছে বলে ভুক্তভোগিরা দাবী করেছেন।আশাশুনি সদর ও বুধহাটা ইউনিয়নের চাপড়া গ্রামের মধ্যস্থল দিয়ে মরিচ্চাপ নদী প্রবাহিত। নদীর প্রখর স্রোতে চাপড়ার পাড়ে ভাঙ্গতে ভাঙ্গতে শত শত ঘরবাড়ি, স্কুল, মসজিদ, মাদ্রাসা নদী গর্ভে চলে গেছে। আশাশুনির পাড়ে জেগে উঠেছে বিঘার বিঘার বিঘা জমি। ২০২১ সালে নদী খনন শুরু হলে অন্যান্য এলাকায় সিএস, এসএ ম্যাপ অনুযায়ী মোটামুটি সহনশীল ভাবে নদী খনন কাজ চলে আসলেও চাপড়ার পূর্বপাড়ায় সে নিয়মকে তুয়াক্কা না করে ভাঙ্গন কবলিত নদীকে নদী হিসাবে অটুট রাখার মাধ্যমে গ্রামকে ধ্বংসের মুখে ঠেলে দেয়া হচ্ছে। ফলে দিনের পর দিন নতুন নতুন এলাকা ভেঙ্গে যাচ্ছে। নতুন নতুন বাড়ি ঘর নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এলাকার মানুষ ও ভাঙ্গনের শিকার শত শত নারী পুরুষ প্রতিবাদ জানিয়ে আসছেন। ইউএনও ও ডিসি সহ উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর আবেদন, মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ করেছেন গ্রামবাসী। ইউএনও, ডিসি মহোদয়সহ পাউবোর কর্মকর্তাবৃন্দ অনেকবার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। কিন্তু কাজের কাজ কিছুই করা হয়নি। অন্যদিকে খনন কাজ অব্যাহত রাখায় নতুন নতুন এলাকায় ভাঙ্গন, ঘরবাড়ি বিধ্বস্থ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে মনিরুল ইসলাম ও মাজেদ সরদারের বসত ঘর নদীতে চলে গেছে। শাহিনুর ইসলাম, শফিকুল ইসলাম, মফিজুল ইসলাম, মিঠু, মোহাম্মদ আলী, পল্টু, জাকাত ও রমজান আলীর বসতঘর, ল্যাট্রিন, গোয়ালঘর, পানির ট্যাংকি হুমকিতে রয়েছে। গত ২ দিনে ১০ হাত এলাকা নদীতে বিলীন হয়ে গেছে। অনেক গাছগাছালি নদীতে পড়েছে। ৩০ হাত নদীর গভীরতার পানির প্রখর স্রোতে এলাকার মানুষের হৃদয়কে নির্মম আঘাতে জর্জরিত করলেও সরকারি কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়নকারীদের হৃদয়ে দরদ আনতে পারছেনা। গ্রামবাসী ও ভাঙ্গন কবলিত মানুষের কষ্টে হিতাকাংখি উপজেলা যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ জানান, ভাঙতে থাকা গ্রামকে রক্ষা করতে বেড়ী বাঁধ নির্মান করে ও বাঁধ রক্ষার ব্যবস্থা করে তারপর নদী খনন করা হোক। মানুষের আহাজারী, সহায় সম্পদ নষ্ট হচ্ছে, তারপরও সেদিকে ভ্রুক্ষেপ না করে যেভাবে খনন কাজ করা হচ্ছে, তা কখনই কল্যাণকর হবেনা। মানুষের দাবী ন্যায্য, এদাবির প্রতি সহানুভূশীল হয়ে দ্রুত বাঁধ রক্ষা ও ম্যাপ অনুযায়ী নদী খননের জন্য তিনি জোর দাবী জানান।
সাতক্ষীরার আশাশুনিতে দলিতের প্রকল্প অবহিতকরণ সভা
আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে দেশের সুন্দরবন এলাকায় বসবাসরত শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা সুরক্ষা নিশ্চিতকরণ প্রকল্প-২ এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাগে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ফান্দা জিএনো আলব্রেদা ডেলাভিটা অনলুছ- ইতালী’র অর্থায়নে এনজিও দলিত’র বাস্তবায়নে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফাইনান্স এডমিন প্রদীপ দাশ। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন, প্রজেক্ট ম্যানেজার পুস্প মালা দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হেড অফ প্রোগ্রাম ইনচার্জ তপন কুমার, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা, খাজরা ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, প্রোগ্রাম অফিসার হোসনেয়ারা, এনজিও ডিএসকে ও ব্র্যাকের প্রতিনিধি আলোচনা রাখেন। প্রকল্পের আওতায় দাকোপ উপজেলার ১১ গ্রামে ও আশাশুনি উপজেলার ১১ গ্রামে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও ইয়াবা সহ গ্রেপ্তার-৮
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ইয়াবা ও ৫ জন সাজাপ্রাপ্ত আসামী সহ ৮ আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের রোববার সকালে আদালতে প্রেরন করা হয়েছে। থানা সূত্রে জানাগেছে, অফিসার ইনচার্জ নোমান হোসেনের নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত আবদুল ওয়াদুদ, এসআই আব্দুর রশিদ, শাখাওয়াত হোসেন, রাজিব মন্ডল, লিটন মল্লিক, অনাথ মিত্র, এএসআই আশিকুর রহমান, আব্দুস সালাম, জাকির হোসেন পৃথক অভিযানে আশাশুনি সদরের আব্দুল ওহাব সরদারের ছেলে আজিজুল ইসলামকে ১৯ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। সিআর সাজাপ্রাপ্ত আসামী চেচুয়া গ্রামের মৃত. বিল্লাল সরদারের ছেলে আব্দুল হামিদ, জামালনগর গ্রামের আবুবক্কার সিদ্দিকের ছেলে আব্দুস সাত্তার, আব্দুস সালাম সরদারের ছেলে শাহিনুর সরদার, বুুড়িয়া গ্রামের মৃত. কিনা শেখের ছেলে মাসুম শেখ, খরিয়াটি গ্রামের মনসেপ গোলদারের ছেলে আতিয়ার গোলদার, দরগাহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা দলিল উদ্দিন গাজীর ছেলে জমির উদ্দিন গাজী, মৃত. তফিল উদ্দিন গাজীর ছেলে জিএম শহিদুল ইসলাম সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের গতকাল কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।
আশাশুনির শ্রীউলায় শাহজাহান সরদারের বঞ্চনায় অতিষ্ঠ পরিবারগুলোর প্রতিকার প্রার্থনা
আশাশুনি প্রতিনিধি : আশাশুনির শ্রীউলায় জনৈক শাহজাহান সরদারের অত্যাচার ও প্রবঞ্চনার শিকার হয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে থানাঘাটা, বকচর ও মাড়িয়ালা গ্রামের কয়েকটি পরিবার। প্রতিকার প্রার্থনা করে ভুক্তভোগি সুশান্ত সেন থানায় লিখিত অভিযোগ করেছেন। জমিজমার ফাঁক ফোকর বের করে লোকজনকে হয়রানি করার একাধিক অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। থানায় অভিযোগকারী থানাঘাটা গ্রামের শশী ভূষণ সেনের ছেলে সুশান্ত সেন জানান, মৃত মহররম আলীর ছেলে শাহজাহান সরদারের বাড়ির পাশে ১৮২৩ খতিয়ানের ১২৪৭৫ দাগে আমার ১২ শতক ডাঙ্গা জমি আছে। দীর্ঘদিন ধরে সে জমি বিক্রয় করতে চাপ দিচ্ছে। টাকা দেয়না আবার জমি লিখে দিতে ভয়ভীতি প্রদর্শন করে। উপায় না পেয়ে আমি গত বছরের ৬ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে আশাশুনি থানায় ২৫৭ নং একটি সাধারণ ডায়রি করি। এরপর হাজরাখালি গ্রামের মিনহাজ গাজীর ছেলে মিজানুর গাজীর কাছে ৪ লক্ষ টাকা চুক্তিতে ওই জমি বিক্রির কথা দিয়ে ২ লক্ষ টাকা অগ্রীম নিয়েছি। সে মোতাবেক মিজানুর ঘেরা বেড়া দিয়ে পুকুর কেটে ভিটাবাড়ি উঁচু করে বসত ঘরের প্রস্তুতি নিচ্ছে। শাহজাহান তার সাঙ্গপাঙ্গ নিয়ে আবারো জমি নিতে চেয়ে টাকা পরিশোধের জন্য দুই মাস সময় নেয়। সে সময়ও ৩ দিন আগে অতিবাহিত হয়েছে। টাকা না দিয়ে সে নানা ফন্দি ফিকির করা সহ ক্রেতা মিজানুরকে জমি না নিতে ভয়ভীতি দেখাচ্ছে। আমাকে হয়রানি করতে আশেপাশের লোকজনকে উষ্কানি দিয়ে জমি দখলের চেষ্টা করছে। তাকে ১ লক্ষ টাকা দিলে সব সমস্যার সমাধান হবে বলে আমাকে হুমকি দিচ্ছে। শাহজাহান ও তার সাঙ্গপাঙ্গদের ভয়ে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।পার্শ্ববর্তী অশোক তরু সেন বলেন, শাহজাহান আমার দাদা জগবন্ধু সেনের কাছ থেকে ৭০ শতক জমি কিনে এ পর্যন্ত প্রায় ৮ বিঘা জমি জবরদখল করেছে। অসুস্থ দাদা তার ভয়ে মেয়ের বাড়িতে থাকতে বাধ্য হয়েছে। চিকিৎসার জন্য জমি বিক্রি করতে গেলেই সে বলে এ জমিতে তার অংশ আছে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন তার ভয়ে তটস্থ থাকে। বকচর গ্রামের মৃত. কুদ্দুস মুন্সীর ছেলে মুর্শিদ আলম বলেন, ২০২১ সালে মাড়িয়ালা মৌজায় ৩৩ শতক জমি কিনে এ পর্যন্ত মাত্র ১২ শতক জমি বুঝে দিয়েছে। হিন্দুদের ঠকিয়ে ও জোর করে নেওয়া প্রায় ৮ বিঘা জমি থেকে মেপে দেওয়ার কথা বললে আমি রাজি হয়নি। ৫ আগষ্টের আগে তার কাছে টাকা চাইতে সাহস হয়নি। সে খুব বিপজ্জনক ব্যক্তি। আমার জমি ও হারির টাকা এখনো বুঝে দিচ্ছে না।ফেরদৌস সরদার বলেন, ২০০৯ সালে কুমুদ মাষ্টারের কাছ থেকে মাড়িয়ালা মৌজায় ১৭ শতক জমি কিনে রেকর্ড পত্র করেছি। ধান কাটার সময় সে বাঁধা দিয়ে বলে এখানে আমার অংশ আছে। হিন্দুদের কাছে জমি কিনেছি সেখানেও তার অংশ আছে বলে আমাকে সহ আমার ভাইয়ের মাথা ফাটিয়ে জমি থেকে বেদখল করে দিয়েছে। ৫ আগষ্টের আগে পুলিশের উর্ধ্বতন এক কর্মকর্তার নাম ভাঙিয়ে এলাকায় ভয়ভীতি দেখিয়ে হিন্দুদের জমি দখল সহ বিভিন্ন মানুষকে হয়রানি করেছে। এখন আবার ভোল পাল্টে অন্য দলের সাথে যুক্ত হওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে শুনেছি। শ্রীউলা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন জানান, শাহজাহান সরদারের বিরুদ্ধে এরকম অভিযোগ অহরহ শুনেছি। ক্ষমতার দাপটে সে এলাকায় অনেক মানুষকে হয়রানি করেছে। ভয়ে সে সময় তার বিরুদ্ধে কথা বলতে সাহস পেতো না। শাহজাহান সরদারের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি সব কিছু অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেসব মিথ্যা ও বানোয়াট। সুশান্ত সেনের জমি আমি কিনতে চাইনি। আমি মামলা করেছি আদালতে দেখা যাবে। জগবন্ধু সেনের ৭০ শতক জমি কিনে আমি যদি ৮ বিঘা নিতে পারি তাহলে আপত্তি জানাবে তারা, লোকের সমস্যা কি? শাহজাহান সরদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।
আশাশুনিতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে উপজেলা পর্যায়ে ৫৩ তম আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বুধহাটা কলেজিয়েট স্কুল ভলিবল (বালিকা) দল ফাইনালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপর খেলায় বুধহাটা কলেজিয়েট স্কুল ব্যাডমিন্টন (বালক) দল ফাইনালে ২-০ সেটে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ছিল জি,এম,আবির হায়দার ও দ্বীপ দত্ত। দলের কোচের দায়িত্বে ছিলেন ইয়ামিন হোসেন। #

