সমুদ্রে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে উপকূলের দিকে এগোচ্ছে ‘দানা’। ঝড়ের অভিমুখ মূলত উত্তর পশ্চিম। আবহবিদেরা জানিয়েছেন, ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে ‘দানা’ আছড়ে পড়তে পারে।ঘূর্ণিঝড় দানার কেন্দ্রে বাতাসের গতি ছাড়াতে পারে ঘণ্টায় ১৫০ কিলোমিটার। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপটি পশ্চিম-মধ্য দিকে সরে গেছে এবং ভয়াবহ ঘূর্ণিঝড় ‘দানা’ উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে এখন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো তীব্র হতে পারে। ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ বুলেটিনে এ কথা বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি আজ ভোর ৬টায় চট্রগ্রাম বন্দর থেকে প্রায় ৫’শ ৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৫শ’ ৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মংলা বন্দরের ৪শ’ ৮৫ কিলোমিটার দক্ষিণ এবং পায়রা বন্দর থেকে ৪শ’ ৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরো ঘণীভূত হয়ে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। ভয়াবহ ঘূণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরও এর উপকূলীয় দ্বীপ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়াসহ ভারি (৪৪-৮৮মিমি) থেকে খুব ভারি (৮৯ মিমি) বৃষ্টিপাত হতে পারে। তীব্র ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার। যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ঘুর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল থাকতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যাতে তারা স্বল্প সময়ের মধ্যে নিরাপদ আশ্রয় নিতে পারে। এদিকে ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় নানা প্রস্তুতি গ্রহণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী খুলনা বিভাগে খোলা হয়েছে বিভাগীয় মনিটরিং সেল। খুলনা ও বরিশাল বিভাগসহ দুর্যোগপ্রবণ এলাকার জনসাধারণকে সচেতন, সতর্ক ও সাবধান করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকূলীয় এলাকার ফায়ার স্টেশনগুলোর সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে তাদের সকলকে সতর্ক ডিউটিতে রাখা হয়েছে। স্থানীয় প্রশাসনের সাথে প্রস্তুতি সভা করা হয়েছে এবং নিবিড় যোগাযোগ অব্যাহত রয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এফএসসিডি এবং সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম সিপিপি এর স্বেচ্ছাসেবকদের সাথে যোগাযোগ করে তাদের প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগপ্রবণ এলাকার জরুরি পরিস্থিতি মোকাবিলায় সার্চ অ্যান্ড রেসকিউ টিম, প্রাথমিক চিকিৎসাকারী দল এবং ওয়াটার রেসকিউ টিম প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জামসহ অ্যাম্বুলেন্স, চেইনস, হ্যান্ডস, রোটারি রেসকিউস, স্প্রেডার, মেগাফোন, র্যামজ্যাক বা এয়ার লিফটিং ব্যাগ, ফাস্ট এইড বক্সসহ যাবতীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।এতে আরও বলা হয়, ঘূর্ণিঝড়-পরবর্তী অনুসন্ধান ও উদ্ধারকাজসহ রাস্তাঘাট যান চলাচল উপযোগী করার কাজে ফায়ার সার্ভিস নিয়োজিত থাকবে। এসব এলাকায় জীবন ও মালামাল সুরক্ষা সংক্রান্ত যেকোনো কাজে দিবা-রাত্রি ২৪ ঘণ্টা ফায়ার সার্ভিসের সেবা গ্রহণ করা যাবে। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষসহ সকল সংশ্লিষ্ট বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষগুলো সারাক্ষণ সংবাদ সংগ্রহে নিয়োজিত থাকবে। যেকোনো জরুরি প্রয়োজনে সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসের নিকটবর্তী ফায়ার স্টেশন অথবা খুলনা বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ (০১৭৩৩০৬২২০৯) এবং বরিশালের বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ (০১৮৭৮০০১১১১) অথবা ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন নম্বর ১০২-তে ফোন করার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।

