ঢাকা জেলার সাভারের জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ফুল দিয়ে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে স্মৃতি সৌধের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এসময় প্রধান বিচারপতির সফর সঙ্গী ছিলেন- আপিল বিভাগের বিচারক, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার। এ ছাড়াও ছিলেন ঢাকার জেলা প্রশাসক, ঢাকা জেলার পুলিশ সুপার, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রমুখ। এর আগে, সকাল ১১টায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে ওবায়দুল হাসানকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ১২ সেপ্টেম্বর আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।এ সময় তিনি বলেন,
‘এই স্মৃতিসৌধ আমাদের শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান দেখিয়ে নির্মিত করা হয়েছে। আমি এবং আমার সহকর্মীরা এখানে এসেছি তাদের প্রতি শ্রদ্ধা জানাতে। তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এ দেশের সংবিধান তৈরি হয়েছে।”সংবিধানকে সংরক্ষণ করা আমি ও আমার সহকর্মীদের প্রত্যেকের পবিত্র দায়িত্ব। আমরা সেভাবেই শপথ নিয়েছি। এই শপথে বলিয়ান থাকার জন্য আবারও এলাম স্মৃতিসৌধে,’ বলেন প্রধান বিচারপতি।

