আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। এ নির্বাচনকে সুষ্ঠ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশণ মঙ্গলবার মধ্যরাত থেকে গাজীপুর সিটিতে বন্ধ হচ্ছে মোটরসাইকেল চলাচল। একই সঙ্গে বুধবার রাত থেকে বন্ধ হচ্ছে ভারী যানবাহনও। গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনের জন্য এ নিষেধাজ্ঞা দিয়েছে জিএমপি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ ওয়ার্ডের ৪৮০ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ কারণে ২৪ মে রাত ১২টা থেকে ২৫ মে রাত ১২টা পর্যন্ত যেকোনো ধরনের ভারী যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, একই সঙ্গে ২৩ মে দিবাগত রাত ১২টা থেকে ২৬ মে সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। তবে প্রতিবন্ধী ভোটারদের সহযোগিতায় নিয়োজিত গাড়ির ওপর নিষেধাজ্ঞা শিথিল থাকবে।নির্বাচনে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত পরিচয়পত্রধারী দেশি-বিদেশি সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক ও অ্যাম্বুল্যান্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগে ব্যবহৃত যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।নির্বাচনী এলাকায় ২৩ মে ভোর ৬টা থেকে ২৭ মে দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত আগ্নেয়াস্ত্র প্রদর্শন (লাইসেন্সধারী), বিস্ফোরক ও ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, দা, ছোরা, কাঁচি, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

