দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও কর্মমুখী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার গুণগত মান এবং শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন যথেষ্ট নয়। শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি, যোগাযোগ দক্ষতা এবং আধুনিক কর্মক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান ও সক্ষমতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে। এ লক্ষ্য সামনে রেখে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।
আজ বঙ্গভবনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উচ্চশিক্ষার মান উন্নয়ন ও কর্মসংস্থান উপযোগী মানবসম্পদ তৈরির বিষয়ে রাষ্ট্রপতি এসব পরামর্শ দেন।
সাক্ষাৎকালে বিইউপির উপাচার্য বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের বিভিন্ন দিক রাষ্ট্রপতির সামনে তুলে ধরেন। তিনি জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রের চাহিদা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ে সাইবার নিরাপত্তা, ন্যানো টেকনোলজি ও ডেটা সায়েন্সসহ বিভিন্ন সম্ভাবনাময় বিষয়ে পাঠদান করা হচ্ছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের কর্মদক্ষতা গড়ে তুলতে যোগাযোগ সক্ষমতা এবং পেশাগত দক্ষতা বিকাশের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ সময় বিইউপির আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিব মো. সরওয়ার আলমসহ বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাক্ষাতের বিষয়টি বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) নিশ্চিত করেন।

