কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুসলিম নগর দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আশরাফুজ্জামান মুকুলের স্বেচ্ছাচারিতার কারণে ১৩ সদস্যের মধ্যে ১০ জন সদস্য পদত্যাগ করেছেন। গত ১০ অক্টোবর মাদরাসার সুপারিনটেন্ড বরাবর এসব পদত্যাগ পত্র প্রদান করেন ম্যানেজিং কমিটির ওই ১০জন সদস্য। যার অনুলিপি কুষ্টিয়ার জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও মুসলিম নগর দাখিল মাদরাসা সভাপতিকে প্রদান করা হয়েছে। পদত্যাগ পত্রে ওই ১০ জন সদস্য উলেখ করেছেন তারা বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড হতে অনুমোদন পেয়ে মুসলিম নগর মাদরাসার ম্যানেজিং কমিটির কার্যক্রম পরিচালনা করে আসছেন। মাদরাসার চলমান ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আশরাফুজ্জামান মুকুল তাঁর স্বার্থ চরিতার্থ ও একক সিদ্ধান্তের উপর কমিটি পরিচালনা করে থাকেন। সদস্যদের কোন মতামতই সভাপতি গ্রহণ করেন না। ৩ জন চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে ম্যানেজিং কমিটির সকল সদস্যদের সাথে খারাপ আচরণ করেন। সভাপতি আশরাফুজ্জামান মুকুলের এহেন আচরণ ও কর্মপরিচালনার জন্য মানসম্মান রক্ষার্থে চলমান কমিটি হতে পদত্যাগ করতে বাধ্য হয়। একযোগে দৌলতপুর উপজেলার এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুসলিম নগর দাখিল মাদরাসা ম্যানেজিং কমিটির ১০ সদস্যের পদত্যাগে এলাকাসহ উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

