ঢাকাশনিবার , ১২ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বিএনপির গণসমাবেশ ৩ ঘণ্টা আগেই শুরু

মীর রাজিবুল হাসান নাজমুল ফরিদপুর থেকে ফিরে :
নভেম্বর ১২, ২০২২ ৮:০২ পূর্বাহ্ণ
Link Copied!

নানা প্রতিকুলতার মধ্যদিয়ে ফরিদপুরে বিএনপির গণসমাবেশ ৩ ঘণ্টা আগেই শুরু হয়েছে। শনিবার দুপুর ২টায় ওই গণসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টায় এ গণসমাবেশ শুরু হয়। গণপরিবহণ বন্ধ থাকায় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে ফরিদপুর।তবুও সব বাধা উপেক্ষা করে সমাবেশ সফলে ব্যাপক প্রস্তুতি নেন দলটির নেতা কর্মীরা। বাস ধর্মঘট ডাকায় দুদিন আগ থেকেই নেতাকর্মীরা শহরে চলে আসেন। নৌকার ঘাঁটিতে ব্যাপক শোডাউনের মধ্য দিয়ে নিজেদের সাংগঠনিক শক্তি জানান দিতে চায় দলটি। শহর থেকে ছয় কিলোমিটার দূরে আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। সকাল থেকে মাঠে জামায়েত হয় হাজার হাজার নেতা কর্মী ।ফরিদপুর বিভাগের ৫ জেলার বিএনপির নেতাকর্মীরা ৩ দিন আগে থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন। বেশিরভাগ নেতাকর্মী সমাবেশের মাঠেই রাতযাপন করেন। কেন্দ্রীয় নেতারাও তাদের সঙ্গে থাকেন। মাঠের পাশেই চলে রান্না। অনেক নেতাকর্মী তাদের আত্মীয়-স্বজনের বাসায় উঠে। বিভিন্ন জেলা থেকে আগত কৃষক দলের নেতাকর্মীদের চায়না প্রজেক্টে থাকা ও খাবার ব্যবস্থা করা হয়েছে। গণসমাবেশ প্রস্তুতি কমিটির সমন্বয়ক বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ সমাবেশ মাঠে বলেন, সাধারণভাবে ফরিদপুর বিভাগকে আওয়ামী লীগের দুর্গ মনে করা হলেও সরকারের নানা ব্যর্থতায় সে অবস্থার পরিবর্তন হয়েছে। এ এলাকা এখন বিএনপির ঘাঁটিতে পরিণত হচ্ছে। আজকের সমাবেশে সেটার প্রমাণ মিলবে।সমাবেশের সভাপতিত্ব করছেন ফরিদপুর নগর বিএপির আহ্বায়ক এ এস এম কাইয়ুম। জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়ার সঞ্চালনায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা এখন বক্তব্য দিচ্ছেন। দলের কেন্দ্রীয় নেতারা বেলা ২টার দিকে মঞ্চে উঠবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। সমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের উপস্থিতিতে আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠ পরিপূর্ণ হয়ে গেছে। সমাবেশস্থলের প্রবেশমুখ থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত নেতা-কর্মীদের ঢল দেখা গেছে। মূলত সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সমাবেশস্থলের দিকে যেতে শুরু করেন। তবে সমাবেশস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে মোট চারটি পয়েন্টে পুলিশের তল্লাশিচৌকি দেখা গেছে। পিকআপ ভ্যান, অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেলে আসা নেতা-কর্মীদের এসব তল্লাশিচৌকি এলাকায় গাড়ি থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। এরপর সেখান থেকে নেতা-কর্মীরা হেঁটে সমাবেশস্থলে যেতে দেখা গেছে। জানা গেছে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ শুক্রবার রাতে গণসমাবেশস্থলে এসে পৌঁছেছেন। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরও উপস্থিত হয়েছেন। মাঠে নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। বিএনপি নেতৃবৃন্দ বলছেন, তাদের এই গণসমাবেশে নির্ধারিত সমাবেশস্থল ছাড়িয়ে নেতাকর্মীদের উপস্থিতি শহরের রাজবাড়ি রাস্তার মোড় ছাড়িয়ে দুই কিলোমিটার দুরে শহর পর্যন্ত বিস্তার করছে।জ্বালানিতেলসহ দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও দলের পাঁচ নেতা-কর্মী হত্যার প্রতিবাদে; দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীন সংসদ নির্বাচনের দাবিতে বিএনপি বিভাগীয় শহরে ধারাবাহিক গণসমাবেশ করছে। প্রথমটি হয় গত ১২ অক্টোবর চট্টগ্রামে। এরপর ময়মনসিংহ, খুলনা, রংপুর ও বরিশালের পর আজ ফরিদপুরে সমাবেশ হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।