ধর্ম-বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে দেশের সব জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে বিএনপি রাজনীতি করতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, মানুষের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নয়ন ঘটিয়ে আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে চায় বিএনপি।
শুক্রবার সকালে বগুড়ার শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী। ধর্ম কিংবা কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার নীতি দলটির নেই। এ সময় ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে ভোটের রাজনীতি না করে জনগণের কল্যাণে কাজ করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।
জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে মীর শাহে আলম অভিযোগ করেন, নির্বাচনের আগে দলটির নেতারা বেহেশতের প্রতিশ্রুতির কথা বলে ভোট চেয়েছেন। দুর্গোৎসবের সময় তাঁদের পূজামণ্ডপে গিয়ে বিভিন্ন আয়োজনে অংশ নিতে দেখা গেলেও এবারের দুর্গাপূজায় তাঁদের তেমন উপস্থিতি চোখে পড়েনি বলে মন্তব্য করেন তিনি।
সরকারের সংসদীয় ভূমিকা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দলের বক্তব্য শোনা হচ্ছে এবং তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে বাকস্বাধীনতা চর্চার পাশাপাশি রাজনৈতিক বক্তব্যে শালীনতা ও দায়িত্বশীলতা বজায় রাখাও জরুরি।
তিনি আরও বলেন, বিরোধী দলের কয়েকজন নেতা জাতীয় নেতাদের নিয়ে অসম্মানজনক ও অশালীন মন্তব্য করছেন। এ ধরনের বক্তব্য সাধারণ মানুষ ভালোভাবে গ্রহণ করবে না। জনগণ বিরোধী দলের কাছ থেকেও সংযত ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে।
জ্বালানি সংকট নিয়ে বিরোধী দলের আন্দোলনের প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় সরকারকে কাজ করার সুযোগ দেওয়া প্রয়োজন। অথচ সংসদের বাইরে ‘তেল দে, গ্যাস দে, নইলে গদি ছেড়ে দে’ স্লোগানে লংমার্চের মতো কর্মসূচি পালন করা হচ্ছে বলে তিনি সমালোচনা করেন।
প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, তেল ও গ্যাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-রংপুর মহাসড়কে লংমার্চ আয়োজন করতে বিপুল অর্থ ব্যয় করা হয়েছে। সামনে ঢাকা-খুলনা লংমার্চের কর্মসূচিও রয়েছে। এসব কর্মসূচি থেকে সরে এসে আগামী ৯ নভেম্বর শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।
জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে বিরোধী দলের যেসব দাবি ও বক্তব্য রয়েছে, সেগুলো সংসদে উত্থাপন করে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার আহ্বান জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

