ঢাকাবৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

ডেক্স রিপোর্ট :
অক্টোবর ২২, ২০২৬ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যেসব প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়নে দলটি অঙ্গীকারবদ্ধ এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হয় না।
বৃহস্পতিবার রাজধানীর শান্তিনগরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দায়িত্ব গ্রহণের পর নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করছে। ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড বিতরণ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ ও কৃষকদের সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি দাবি করেন, অর্থনীতিবিদদের মূল্যায়ন অনুযায়ী, ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড বিতরণের ফলে চলতি বছর দেশে দারিদ্র্যের হার আরও ৫ শতাংশ কমতে পারে। এ উদ্যোগকে তিনি সরকারের একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে উল্লেখ করেন।
শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, এবারের দুর্গোৎসব দেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। সরকারের সতর্কতা, আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকার কারণে হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পেরেছেন বলে তিনি মন্তব্য করেন।
রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকেও অনেকে বাংলাদেশে এসে পূজা-অর্চনায় অংশ নিয়েছেন। তাঁর দাবি, তাঁরা বাংলাদেশের নিরাপদ ও শান্তিপূর্ণ পূজার পরিবেশের প্রশংসা করেছেন।
তিনি আরও বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন পূজামণ্ডপের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট কমিটির নেতাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে দলের নেতাকর্মীরা দিনরাত কাজ করেছেন।
অতীতের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। বিএনপিকে জঙ্গিবাদী রাজনৈতিক দল হিসেবে উপস্থাপন এবং দলটি ক্ষমতায় থাকলে অন্য ধর্মাবলম্বীরা নিরাপদ থাকবেন না—এমন প্রচারণাও চালানো হয়েছিল বলে তিনি দাবি করেন।
এবারের দুর্গাপূজাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও একটি গুপ্ত রাজনৈতিক দল অপপ্রচারে জড়িত ছিল বলেও অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, বিভিন্ন ঘটনায় তাদের আচরণ ও বক্তব্যের মধ্যে সাদৃশ্য দেখা যাচ্ছে।
রিজভী বলেন, একটি সরকার জনবান্ধব ও দায়িত্বশীল হলে নানা ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের কল্যাণে কাজ করতে পারে। এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়াকে তিনি এর উদাহরণ হিসেবে তুলে ধরেন।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে
ডেঙ্গু প্রতিরোধে বিএনপির কর্মসূচি সম্পর্কে রুহুল কবির রিজভী বলেন, দুর্গাপূজা উপলক্ষে গত কয়েক দিন লিফলেট বিতরণ কার্যক্রম বন্ধ ছিল। বৃহস্পতিবার থেকে আবারও এ কার্যক্রম শুরু হয়েছে। ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকা এবং আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ অব্যাহত রাখা হবে।
এ সময় লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুল হক বাবুল এবং স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।