ঢাকাশুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি

বিশেষ প্রতিনিধি :
অক্টোবর ১৬, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশে ও দেশের বাইরে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। তিনি দুর্গাপূজার তাৎপর্য তুলে ধরে বলেন, এই উৎসব অশুভ শক্তির বিনাশ এবং সত্য, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠার বার্তা বহন করে। অন্যায়, অসত্য ও অমানবিকতার বিরুদ্ধে ন্যায় ও মানবতার চিরন্তন আহ্বানই দুর্গোৎসবের অন্যতম শিক্ষা।
রাষ্ট্রপতি বলেন, বাংলার হিন্দু সম্প্রদায় দীর্ঘকাল ধরে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করে আসছে। এই আয়োজন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক বন্ধন ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য প্রতিফলন। এ উৎসব ধর্মীয় পরিচয়ের গণ্ডি পেরিয়ে সব শ্রেণি-পেশার মানুষকে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে।
তিনি আরও বলেন, দেশের অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের মতো সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় পরিচালনা, সংস্কার ও উন্নয়নেও সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি পুরোহিতদের মাসিক সম্মানী ভাতা প্রদান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম শক্তিশালী করা এবং ধর্মীয় কল্যাণে অনুদান ও ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সমন্বিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, শারদীয় দুর্গোৎসব সত্য ও সুন্দরের আলোয় উদ্ভাসিত হবে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে।
তিনি বলেন, প্রত্যেক ধর্মই মানুষকে সত্য, ন্যায়, সংযম ও মানবকল্যাণের শিক্ষা দেয়। তাই নিজ নিজ ধর্মীয় অনুশাসন পালনের পাশাপাশি মানবতার কল্যাণে সবাইকে কাজ করতে হবে। ধর্ম, বর্ণ কিংবা সাম্প্রদায়িক পরিচয়ের কারণে কোনো মানুষ যেন বৈষম্য, বঞ্চনা বা নিরাপত্তাহীনতার শিকার না হন, তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব।
দেশের সব ধর্মীয় সম্প্রদায়ের মানুষ যাতে নির্ভয়ে, স্বাধীনভাবে এবং নিরাপদ পরিবেশে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি।
একই সঙ্গে দুর্গোৎসবের আনন্দ সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তাঁর প্রত্যাশা, শারদীয় দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে এবং সমাজে মানবতা, ন্যায়বিচার ও কল্যাণের বার্তা ছড়িয়ে পড়বে।
পরিশেষে রাষ্ট্রপতি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশে ও বিদেশে গৃহীত সব কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।