ঢাকাশুক্রবার , ২ অক্টোবর ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর নির্দেশেদোহারে এতিম পাঁচ কন্যার পাশে ‘আমরা বিএনপি পরিবার’

বিশেষ প্রতিনিধি :
অক্টোবর ২, ২০২৬ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার দোহার উপজেলার রাধানগর গ্রামে এক মাসের ব্যবধানে মা-বাবাকে হারিয়ে অসহায় হয়ে পড়া পাঁচ এতিম কন্যার পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। গণমাধ্যমে প্রকাশিত পরিবারের দুর্দশার খবর নজরে আসার পর তাদের সহায়তায় এগিয়ে আসে সংগঠনটি।

সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ‘এক মাসের ব্যবধানে মা-বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভাবের সংসারে পাঁচ মেয়ের কী হবে!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। পরে তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে ওই পরিবারের খোঁজখবর নেওয়া এবং তাদের পাশে দাঁড়াতে একটি প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ দেন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামে প্রয়াত কৃষক দম্পতি আবুল কালাম আজাদ ও ফরিদা বেগমের বাড়িতে যায়।
এ সময় প্রতিনিধি দলের সদস্যরা পরিবারের স্বজনদের সঙ্গে কথা বলেন, তাদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন এবং মা-বাবা হারানো পাঁচ কন্যার সঙ্গে কথা বলেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পরিবারের হাতে আর্থিক সহায়তা ও বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনটি গড়ে তোলা হয়েছে।
তিনি বলেন, গণমাধ্যমে রাধানগরের এই পরিবারের অসহায়ত্বের খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। তিনি দ্রুত পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। তাঁর পক্ষ থেকে সহমর্মিতা, সহযোগিতা ও মানবিকতার বার্তা নিয়ে প্রতিনিধি দলটি পরিবারটির কাছে এসেছে।
মোকছেদুল মোমিন মিথুন আরও বলেন, ‘সমাজের যেসব পরিবার কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাদের পাশে দাঁড়ানোর এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’
এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিনের অভাব-অনটন, আর্থিক সংকট ও ঋণের বোঝায় পরিবারটি চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছিল। এরই মধ্যে মাত্র ৩১ দিনের ব্যবধানে মৃত্যুবরণ করেন কৃষক আবুল কালাম আজাদ ও তাঁর স্ত্রী ফরিদা বেগম। প্রথমে ফরিদা বেগমের মৃত্যু হয়। এর এক মাসের ব্যবধানে নিজ বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁর স্বামী আবুল কালাম আজাদের মরদেহ।
মা-বাবাকে হারানোর পর পাঁচ কন্যা সন্তান কার্যত অভিভাবকহীন হয়ে পড়ে। তাদের ভবিষ্যৎ, পড়াশোনা, খাদ্য ও জীবনযাপন নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে গণমাধ্যমে খবর প্রকাশের পর পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় ‘আমরা বিএনপি পরিবার’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।