ঢাকা জেলার ধামরাই উপজেলা প্রশাসনের অভিযানে সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টুর অবৈধ ইটভাটা ভেঙে ধ্বংস এবং ২০ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ধামরাইয়ের মধুডাঙা এলাকায় অভিযান চালিয়ে সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু’র মালিকানাধীন খান ব্রিকস ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। এসময় মাটি কাটার ভেকু দিয়ে খান ব্রিকস এর চিমনি, চুল্লি, তৈরি করে রাখা কাঁচা ইট এবং ইটভাটার অফিস ভেঙে গুড়িয়ে দেয়া হয়। পরে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেয়া হয় এবং কিছু কাঁচা ইটও পানি দিয়ে নষ্ট করা হয়। এছাড়া লাইসেন্স বিহীন ভাটা পরিচালনা করায় মোবাইল কোর্টের মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০১৩ অনুযায়ী খান ব্রিকস এর মালিক মাসুদ খান লাল্টু কে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।উপজেলা প্রশাসন সূত্র জানায়, হাইকোর্টের নির্দেশনা অনুসারে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ উদ্যোগে অবৈধ ইট ভাটা বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় খালেদ মাসুদ খান লাল্টুর মালিকানাধীন মেসার্স খান ব্রিক্স নামের একটি অবৈধ ইট ভাটা চিমনিসহ গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া লাইসেন্সবিহীন ভাটা পরিচালনা করায় মোবাইল কোর্টের মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০১৩ অনুযায়ী তাকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, আজকে খান ব্রিকস নামের একটি অবৈধ ইটভাটা ভেঙে দেয়া হয়েছে।পর্যায়ক্রমে সকল অবৈধ ভাটাই ভেঙে দেয়া হবে। অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে ধামরাই থানা পুলিশ এবং ধামরাই ফায়ারসার্ভিস, পল্লী বিদুৎ ও উপজেলা বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

