বঙ্গপোসাগরের সন্দ্বীপ চ্যানেলের মিরসরাই অংশে ড্রেজারডুবির ঘটনায় নিখোঁজ শ্রমিকদের মধ্যে আরো তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ পর্যন্ত নিখোঁজ আট শ্রমিকের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার হলো। গত বুধবার সকালে ডুবে যাওয়া বালুর ড্রেজারের ভেতর থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান জানান, বুধবার সকালে তিনটি মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসকর্মীরা।ডুবে যাওয়া ড্রেজারের ভেতর থেকে তাদের উদ্ধার করা হয়। এ পর্যন্ত নিখোঁজ আট শ্রমিকের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার হয়েছে। বাকি চারজন এখনো নিখোঁজ। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে উদ্ধার হওয়া মরদেহগুলোর নাম তাৎক্ষণিক জানা যায়নি।প্রসঙ্গত, গত সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগর উত্তাল হয়ে পড়ে। ওই সময় সাগরের কিনারে থাকা একটি বালুর ড্রেজার ডুবে যায়। এসময় ড্রেজারের ভেতরে নয়জন শ্রমিক ছিলেন। তাদের মধ্যে একজন সাঁতরে পাড়ে উঠলেও বাকিক আটজন নিখোঁজ হন। পরদিন মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকাল ৩টা থেকে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের পাঁচ সদস্যের একটি ডুবরিদল তাদের উদ্ধারে চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ওইদিন রাত সাড়ে ৮টার দিকে নিখোঁজ শ্রমিকদের একজনের মরদেহ সাগর কিনারে ভেসে আসলে মিরসরাই ফায়ার সার্ভিসকর্মীরা তা উদ্ধার করেন।

