১১০ বছরের ঐতিহ্যবাহী আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠান লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের বাংলাদেশ জেলা ৩১৫ বি ১-এর উদ্যোগে ‘অক্টোবর সার্ভিস প্রোগ্রাম’-এর আওতায় বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় লায়ন্স ক্লাব অব ঢাকা এলিগ্যান্ট ড্রিম প্লাসের পরিচালক, বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী এবং আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা লায়ন মোঃ হাবিবুর রহমান এমজেএফ-এর নিজস্ব অর্থায়নে গাজীপুরে তার গার্মেন্টস ফ্যাক্টরির কর্মচারী এবং এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
সেবামূলক কার্যক্রমের মধ্যে ছিল খাদ্যসামগ্রী বিতরণ (ফুড ডিস্ট্রিবিউশন), চক্ষু পরীক্ষা, গাছের চারা বিতরণসহ বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচি। এসব কার্যক্রমের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্যাট এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল ইসলাম, লায়ন বেনজীর আহমেদ, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি ১-এর গভর্নর ডা. খন্দকার মাজহারুল আনোয়ার এমজেএফ এবং তার ডিজি টিমের সদস্যবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, মানবসেবাই লায়ন্স ক্লাবের মূল লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে একটি সুন্দর, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে লায়ন্স ক্লাবের সেবামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অক্টোবর সার্ভিস প্রোগ্রামের মাধ্যমে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

