নতুন প্রজন্ম ভবিষ্যতে দেশের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের সুশিক্ষিত, যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সংসদ অধিবেশনের বিরতিতে শিক্ষার্থীরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পান।
সাক্ষাৎকালে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী পরিবেশ সংরক্ষণ ও মানবিক মূল্যবোধ চর্চার বিষয়ে তিনটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
প্রথমত, নিজেদের বাড়ি, শহর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে। দ্বিতীয়ত, বর্ষা মৌসুমে নিজের অথবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। তৃতীয়ত, পশুপাখিসহ সব ধরনের প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণ করতে হবে।
এদিন সংসদ ভবন পরিদর্শনে অংশ নেয় লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪১ শিক্ষার্থী, ছয়জন শিক্ষক ও অভিভাবক। এ ছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ শিক্ষার্থী এবং ছয় শিক্ষক, পাশাপাশি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ শিক্ষার্থী ও দুই শিক্ষক এ পরিদর্শনে অংশ নেন।
পরিদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে পরিচিতিমূলক ব্রিফিংয়ে অংশ নেন। তারা সংসদ লাইব্রেরি ঘুরে দেখার পাশাপাশি জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরিদর্শন শেষে সংসদ ভবনের উত্তর প্লাজায় আয়োজিত ফটোসেশনে অংশ নেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম।
প্রধানমন্ত্রীর এই মতবিনিময়ে তরুণ প্রজন্মের মধ্যে নাগরিক দায়িত্ববোধ, পরিবেশ সচেতনতা, মানবিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ নেতৃত্বের প্রস্তুতির বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।