দীর্ঘদিনের জনবল সংকট ও নানা সীমাবদ্ধতা কাটিয়ে পিরোজপুরের জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় ফিরেছে নতুন গতি ও প্রাণচাঞ্চল্য। চিকিৎসক সংকট অনেকটাই কাটিয়ে ওঠায় বেড়েছে হাসপাতালটির চিকিৎসাসেবার পরিধি ও মান। প্রতিদিন বহির্বিভাগ ও অন্তর্বিভাগ মিলিয়ে শতাধিক রোগী চিকিৎসাসেবা নিচ্ছেন। পাশাপাশি হাসপাতাল থেকেই রোগীদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়ের দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে স্বাস্থ্য কমপ্লেক্সটির চিকিৎসাসেবা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে। বর্তমানে আবাসিক মেডিকেল অফিসারসহ মোট সাতজন চিকিৎসক কর্মরত রয়েছেন। ফলে আগের তুলনায় রোগীরা সহজেই চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকরা হলেন—উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রঞ্জন কুমার এবং মেডিকেল অফিসার ডা. আকাশ সাহা, ডা. লিমন দাস, ডা. জান্নাতুল ফেরদৌস, ডা. নাসরিফা পারভীন ও ডা. জয়ন্ত।
এ ছাড়া হাসপাতালটিতে রোগ নির্ণয়ের জন্য সীমিত পরিসরে প্যাথলজি পরীক্ষার ব্যবস্থাও রয়েছে। এর ফলে স্থানীয় রোগীদের প্রাথমিক পর্যায়ের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য আগের মতো দূরবর্তী স্থানে ছুটে যেতে হচ্ছে না। এতে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি ভোগান্তিও কমছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগীর সঙ্গে কথা বলে জানা যায়, আগের তুলনায় বর্তমানে চিকিৎসাসেবার পরিবেশ ও মানের উন্নতি হয়েছে। চিকিৎসকদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ পাওয়ার পাশাপাশি হাসপাতাল থেকে ওষুধও পাওয়া যাচ্ছে। বিশেষ করে স্বল্প আয়ের সাধারণ মানুষের জন্য এ সেবা অত্যন্ত উপকারী হয়ে উঠেছে।
এদিকে, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদীর উদ্যোগে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান ৩১ শয্যা থেকে ৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলার ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য স্বাস্থ্যসেবার সুযোগ আরও সম্প্রসারিত হবে। দীর্ঘদিনের প্রত্যাশিত উন্নত চিকিৎসাসেবার স্বপ্ন পূরণের নতুন সম্ভাবনা দেখছেন স্থানীয় বাসিন্দারা।
সংশ্লিষ্টদের মতে, একটি আধুনিক ও জনবান্ধব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে তুলতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, পর্যাপ্ত ওষুধ, উন্নত পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।
স্থানীয়দের প্রত্যাশা, বর্তমান অগ্রগতির ধারাবাহিকতা বজায় রেখে প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা গেলে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এলাকার সাধারণ মানুষের জন্য একটি উন্নত, মানসম্মত ও নির্ভরযোগ্য চিকিৎসাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। এতে স্থানীয় জনগণ নিজ উপজেলাতেই আরও সহজে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ