শীতের আগমনে দেশের সবজির বাজারে দাম কমতে শুরু করেছে। শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় রাজধানীসহ বিভিন্ন এলাকার বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে। তবে মাছ ও মাংসের বাজারে তেমন কোনো পরিবর্তন নেই। অধিকাংশ মাছ ও মাংস আগের সপ্তাহের কাছাকাছি দামেই বিক্রি হচ্ছে। অন্যদিকে গ্যাস ও ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ বিলের বাড়তি চাপ এবং তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা সাধারণ মানুষের উদ্বেগ বাড়িয়ে তুলেছে।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় অধিকাংশ সবজির দাম আগের তুলনায় কমেছে। বর্তমানে প্রতি কেজি বেগুন ৫০ টাকা, মিষ্টিকুমড়া ৪০ টাকা, ফুলকপি ৪০ টাকা, ঢ্যাঁড়স ৫০ টাকা, পটল ৪০ টাকা, কাঁচামরিচ ৩০ টাকা, পেঁয়াজ ৪০ টাকা, রসুন ৮০ টাকা, শুকনা মরিচ ৫০০ টাকা, মুলা ৩০ টাকা, শালগম ৭০ টাকা এবং শিম ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিটি পাতাকপি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। তবে টমেটোর দাম এখনো তুলনামূলক বেশি। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকায়। তবে মাছের বাজারে তেমন পরিবর্তন নেই। ইলিশ মাছের দামও চড়া। জমিনে দেখা যায়,সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও মাছের বাজারে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। আগের সপ্তাহের কাছাকাছি দামেই বিক্রি হচ্ছে অধিকাংশ মাছ। বাজারে প্রতি কেজি রুই মাছ আকারভেদে ২৮০ থেকে ৩৮০ টাকা, বড় তেলাপিয়া ২২০ থেকে ২০০ টাকা, সিলভার কার্প ও গ্রাস কার্প ২১০ থেকে ২০০ টাকা এবং পাঙাশ ১৬০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া কাতলা মাছ ৩৫০ থেকে ৩৮০ টাকা, চাষের কই ২০০ থেকে ২২০ টাকা এবং পাবদা ৩৮০ থেকে ৪২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ইলিশের দাম এখনো বেশ চড়া। আকার ও মানভেদে প্রতি কেজি ইলিশের দাম ৮০০ থেকে ২ হাজার ৩০০ টাকা। কোনো কোনো বাজারে বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ টাকা পর্যন্ত। তবে মাংসের বাজারেও স্বস্তি নেই অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তরিকুল নামের এক গার্মেন্টস শ্রমিক জানান গরুর মাংস খাওয়ার কথা ভুলেই গিয়েছি। খাসির মাংসের কথা নাই বললাম। শুধু পোল্টির দাম কম থাকাই এটাই আমাদের একমাত্র ভরসা। খোঁজ নিয়ে জানা যায় মাংসের বাজারেও দামের তেমন কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ২৪০ থেকে ৩৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া গরুর মাংস প্রতি কেজি ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। আগের সপ্তাহের তুলনায় এসব পণ্যের দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। এদিকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মিশ্র চিত্র উঠে এসেছে। সংস্থাটির ৫ নভেম্বরের খুচরা বাজারদরের প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজ, কাঁচামরিচ, বেগুন, ফার্মের ডিম, ছোলা, সুগন্ধি পোলাও চাল ও আমদানি করা আদার দাম কমেছে। অন্যদিকে প্যাকেট ময়দা, খোলা পাম অয়েল ও চিনির দাম কিছুটা বেড়েছে। তবে অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আগের সপ্তাহের মতোই অপরিবর্তিত রয়েছে। বাজারে কেনাকাটা করতে আসা কয়েকজন ক্রেতা জানান, শীতের সবজির দাম কমায় কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে। তবে সামগ্রিকভাবে সংসার পরিচালনার ব্যয় এখনো অনেক বেশি। বিদ্যুৎ বিল, সিলিন্ডার গ্যাস ও ভোজ্যতেলের বাড়তি দামে পরিবারের মাসিক বাজেট সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।
ক্রেতাদের অভিযোগ, একদিকে কিছু সবজির দাম কমলেও অন্যদিকে গ্যাস, ভোজ্যতেল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রায় বাড়তি চাপ সৃষ্টি করছে। ফলে বাজারে সাময়িক স্বস্তি মিললেও নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের দুর্ভোগ পুরোপুরি কমেনি। এদিকে দেশের তৈরি পোশাকশিল্পেও কয়েক দিন ধরে অস্থিরতা বিরাজ করছে। বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা। এ পরিস্থিতিতে শিল্পকারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম এবং দেশের অর্থনীতিতে এর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবি বিবেচনার পাশাপাশি শিল্পের স্থিতিশীলতা বজায় রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বাজার মনিটরিং কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তাঁরা জানান, বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। তাঁদের দাবি, পূর্ববর্তী সরকারগুলোর তুলনায় বর্তমান সরকারের সময়ে বাজার ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন এসেছে।
সব মিলিয়ে শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও মাছ-মাংসের উচ্চমূল্য, গ্যাস ও ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি ব্যয় সাধারণ মানুষের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে তৈরি পোশাকশিল্পের অস্থিরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপণ্যের দাম রাখা, বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং শ্রমিকদের ন্যায্য দাবি বিবেচনায় নেওয়া এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে বড় চ্যালেঞ্জ।