বাংলাদেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় পর্যটন মহাপরিকল্পনা আগামী ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে প্রকাশের প্রস্তুতি চলছে। সব প্রক্রিয়া সম্পন্ন হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এ এ মহাপরিকল্পনা উদ্বোধন করতে পারেন। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে এর অগ্রাধিকারমূলক কার্যক্রম বাস্তবায়ন শুরু হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে জানিয়েছেন, আগামী ২৭ থেকে ৩১ ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ ফেস্টিভ্যাল আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। এ উৎসবকে কেন্দ্র করেই জাতীয় পর্যটন মহাপরিকল্পনাটি প্রকাশের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে উৎসবের চূড়ান্ত কর্মসূচি এবং এতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
বিটিবি প্রধান জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে মহাপরিকল্পনাটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়ার লক্ষ্য রয়েছে। এর আগে ৩০ নভেম্বরের মধ্যে পর্যালোচনা কমিটির যাচাই-বাছাই সম্পন্ন করে চূড়ান্ত নথি পাওয়ার প্রত্যাশা করছে বোর্ড। পরবর্তী সময়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদন এবং জাতীয় পর্যটন কাউন্সিলের সম্মতি নিয়ে বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হবে।
১ হাজার ৪৯৮টি পর্যটন কেন্দ্রকে ঘিরে উন্নয়ন পরিকল্পনা
জাতীয় পর্যটন মহাপরিকল্পনায় ২০২৪ থেকে ২০৪১ সাল পর্যন্ত ১৭ বছরের দীর্ঘমেয়াদি উন্নয়ন কৌশল তুলে ধরা হয়েছে। দেশের আটটি প্রশাসনিক বিভাগে অবস্থিত ১ হাজার ৪৯৮টি পর্যটন সম্পদ ও আকর্ষণ কেন্দ্রকে এ পরিকল্পনার আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।
এর প্রধান উদ্দেশ্য বাংলাদেশকে একটি প্রতিযোগিতামূলক, আকর্ষণীয় ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করা।
পরিকল্পনায় পর্যটন অবকাঠামো নির্মাণ, নতুন পর্যটন পণ্য তৈরি, গন্তব্য ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বিপণন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মহাপরিকল্পনায় ২০৪১ সালের মধ্যে ৫৫ লাখ ৮০ হাজার পর্যটক আকর্ষণ এবং ২ কোটি ১৯ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা উল্লেখ করা হয়েছে।
এতে সমুদ্রসৈকত, পাহাড়, বনাঞ্চল, নদী, গ্রামীণ পরিবেশ, ঐতিহাসিক স্থাপনা ও ধর্মীয় স্থানকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের পর্যটন বিকাশের প্রস্তাব রয়েছে। পাশাপাশি ইকো-ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, ক্রুজ পর্যটন, সাংস্কৃতিক পর্যটন এবং আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনীভিত্তিক (MICE) পর্যটন সম্প্রসারণের পরিকল্পনাও অন্তর্ভুক্ত করা হয়েছে।
ই-ভিসা, নিরাপত্তা ও বিদেশি বিনিয়োগে গুরুত্ব
বিদেশি পর্যটক আকর্ষণ এবং আন্তর্জাতিক বিনিয়োগ বাড়াতে মহাপরিকল্পনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ইলেকট্রনিক ভিসা বা ই-ভিসা চালু, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, পর্যটনকেন্দ্রগুলোর ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (PPP) সম্প্রসারণ।
এ ছাড়া পর্যটন খাতে দক্ষ জনবল তৈরির জন্য আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা, গন্তব্য ব্যবস্থাপনা সংস্থা গঠন এবং একটি স্বতন্ত্র পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার বিষয়েও সুপারিশ করা হয়েছে।
জানুয়ারি থেকে শুরু হতে পারে বাস্তবায়ন কার্যক্রম
বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী জানান, প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে ২০২৭ সালের জানুয়ারি থেকেই অগ্রাধিকারমূলক প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, পর্যটন মহাপরিকল্পনা বাস্তবায়ন বলতে শুধু হোটেল, মোটেল কিংবা রিসোর্ট নির্মাণকে বোঝায় না। এর সঙ্গে পর্যটনকেন্দ্রের প্রচারণা, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, পর্যটন উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠাও গুরুত্বপূর্ণ।
পরিকল্পনায় প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব বণ্টন, অর্থায়নের সম্ভাব্য উৎস, অগ্রাধিকার নির্ধারণ এবং কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি সুসংগঠিত কাঠামো রাখার প্রস্তাব করা হয়েছে।
পর্যটনকে অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম খাত করতে চায় সরকার
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে জানিয়েছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য হ্রাসে পর্যটন শিল্পকে গুরুত্বপূর্ণ খাত হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।
তিনি পর্যটনকে অগ্রাধিকারমূলক খাত হিসেবে উল্লেখ করে জাতীয় মহাপরিকল্পনার আওতায় পর্যায়ক্রমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা জানিয়েছেন।
সরকারি পরিকল্পনার অংশ হিসেবে কক্সবাজার, সিলেট ও খুলনায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের মালিকানাধীন জমিতে আন্তর্জাতিক মানের হোটেল ও পর্যটন সুবিধা গড়ে তোলার উদ্যোগের কথাও তুলে ধরা হয়েছে।
কক্সবাজারে সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে পর্যটন অবকাঠামো উন্নয়নের জন্য ১৩২ দশমিক ৪৪ একর জমি চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি পর্যটন খাতের দক্ষ জনবল তৈরির লক্ষ্যে মোটেল লাবণী এলাকায় আধুনিক পর্যটন প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জাতীয় সংসদে জানিয়েছেন, দেশের প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটনকেন্দ্রকে অন্তর্ভুক্ত করে সমন্বিত মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে।
তিনি আরও জানান, কমিউনিটিভিত্তিক পর্যটন সম্প্রসারণ, পর্যটকদের নিরাপত্তা জোরদার এবং পর্যটন খাতের তথ্যব্যবস্থা উন্নয়নের পাশাপাশি ‘জাতীয় পর্যটন নীতিমালা ২০২৬’ প্রণয়নের উদ্যোগও নেওয়া হয়েছে।
দ্রুত বাস্তবায়নের দাবি পর্যটন উদ্যোক্তাদের
দেশের পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট উদ্যোক্তা ও পেশাজীবীরা দীর্ঘদিন ধরে জাতীয় পর্যটন মহাপরিকল্পনার কার্যকর বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। তাঁদের মতে, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক নিদর্শন, সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভৌগোলিক বৈচিত্র্য আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করার যথেষ্ট সম্ভাবনা রাখে। তবে এ সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজন সমন্বিত বিনিয়োগ, দক্ষ জনবল, উন্নত যোগাযোগব্যবস্থা এবং পর্যটকদের মানসম্মত সেবা।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মোহাম্মদ হানিফ পর্যটন খাতের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, পেশাদার প্রশিক্ষণ এবং কার্যকর নীতিগত সহায়তার ওপর গুরুত্ব দিয়েছেন।
সংগঠনটির সাবেক সভাপতি মো. রাফেউজ্জামান মনে করেন, পর্যটন অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতা এবং সেবার মান বাড়ানো জরুরি।
প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পাটা) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব তৌফিক রহমানও পর্যটন উন্নয়নে বেসরকারি খাতের অংশগ্রহণ, পেশাদার গন্তব্য ব্যবস্থাপনা এবং সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন। তাঁর মতে, স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা, পরিবেশ সংরক্ষণ, পর্যটন বিপণন এবং উন্নত যোগাযোগব্যবস্থাকে যথাযথ গুরুত্ব দিতে হবে।
সম্ভাবনার নতুন দিগন্ত
২০১৯ সালে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা তৈরির উদ্যোগ নেওয়ার পর বিভিন্ন কারণে এর কাজ দীর্ঘ সময় ধরে বিলম্বিত হয়েছে। কোভিড-১৯ মহামারি, প্রশাসনিক জটিলতা এবং বিভিন্ন পর্যায়ের পর্যালোচনার কারণে পরিকল্পনাটি চূড়ান্ত করতে সময় লেগেছে।
এবার পরিকল্পনাটি অনুমোদন ও বাস্তবায়নের পর্যায়ে পৌঁছালে বাংলাদেশের পর্যটন শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় অর্থনীতির বিকাশ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি শক্তিশালী করার ক্ষেত্রে এ মহাপরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তবে পরিকল্পনার প্রকৃত সফলতা নির্ভর করবে সময়মতো প্রকল্প বাস্তবায়ন, স্বচ্ছতা, পরিবেশ সংরক্ষণ, পর্যটকদের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট সব পক্ষের কার্যকর অংশগ্রহণের ওপর।